মাশরুমে মতলব মাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাশরুমকে অনেকে আগাছা মনে করতেন। কেউ কেউ ভাবতেন, এটি বিষাক্ত ছত্রাক। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মানুষের এ ভ্রান্ত ধারণা দূর করেন এক ব্যক্তি। তিনি এলাকাবাসীকে বোঝাতে সক্ষম হন, এটি ঔষধি গুণসম্পন্ন সবজি। এরপর এলাকাবাসী মাশরুম পাতে নিয়ে শুধু রসনা বিলাস করেই ক্ষান্ত হননি, নেমে পড়েন অর্থ উপার্জনেও।এই ব্যক্তির নাম মো. হেলাল উদ্দিন (৪৩)। তিনি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা। মানুষের দ্বারে দ্বারে গিয়ে হেলাল মাশরুমের গুণাগুণ ও কার্যকারিতা সম্পর্কে বুঝিয়েছেন। বিনা পয়সায় আত্মীয়স্বজন ও পরিচিতজনের মধ্যে বিলি করেন এই সবজি। বাড়িতে দাওয়াত দিয়েও খাওয়ান মাশরুম দিয়ে তৈরি নানা খাবার। এভাবেই অফিসের কাজের বাইরে ব্যক্তিগত উদ্যোগে একটি ব্যতিক্রমধর্মী, অপরিচিত সবজি চাষে এলাকাবাসীকে উদ্বুদ্ধ করেন। মাশরুম চাষ ছড়িয়ে দেন উপজেলা সদর ও আশপাশের ২০টি গ্রামে। মাশরুম চাষ এলাকায় দ্রুত ছড়িয়ে দেওয়ার কাজে তাঁর অদম্য আগ্রহের জন্য তিনি এলাকায় ‘মাশরুম হেলাল’ নামেই বেশি পরিচিত। মাশরুম, গমসহ অন্যান্য ফসল উৎপাদনে সাফল্য অর্জনের জন্য হেলাল ২০০৮ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ‘কৃষি পুরস্কার’ লাভ করেন।শুরু যেভাবে: হেলাল উদ্দিন প্রথম আলোকে জানান, ২০০৬ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকার সাভারে মাশরুম উন্নয়ন প্রকল্পের অধীনে মাশরুম চাষের ওপর সাত দিনের প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণে মাশরুমের খাদ্য ও ঔষধি গুণ এবং চাষ পদ্ধতি সম্পর্কে ভালো ধারণা পান তিনি। প্রশিক্ষণ শেষে প্রকল্পের দেওয়া মাশরুমের ২৫টি স্পন (প্যাকেট) দিয়ে উপজেলা সদরের কলাদিতে নিজ বাসায় শুরু করেন মাশরুম চাষ। এরপর তাঁর আওতাধীন কৃষি ব্লকের উদ্দমদী, ঘোড়াধারী, নন্দীখোলা ও কলাদি এলাকায় মাশরুম চাষ ছড়িয়ে দেন। আর এ কাজে তাঁকে সর্বাত্মক সহযোগিতা করেন সাবেক উপজেলা কৃষি কর্মকর্তা কাজী মো. সাইফুল ইসলাম।বিস্তার ঘটছে দিনে দিনে: হেলাল জানান, গত পাঁচ বছরে কয়েক ভাগে তিনি মাশরুমের দুই হাজারেরও বেশি স্পন বিক্রি করেছেন। এসব স্পন নিয়ে চাষ করেছেন পৌর এলাকা ও উপজেলার ছয়টি ইউনিয়নের ২০টি গ্রামের তিন শতাধিক মানুষ, যাঁদের ৫০ জনেরও বেশি নারী। এঁদের সবাইকে চাষাবাদের নিয়ম, উপযোগিতা সম্পর্কে দিয়েছেন নানা পরামর্শ। কারও কারও বাড়ি গিয়ে পর্যবেক্ষণ করেন চাষ প্রক্রিয়া। উপজেলা সদর এলাকা, ঢাকিরগাঁও, নবকলস, উপাদী উত্তর ও দক্ষিণ, উদ্দমদী, কদমতলী, চরমুকুন্দি, ডিঙ্গাভাঙ্গা, ভাঙারপাড়, নাগদা, নওগাঁও, নারায়ণপুর, বোয়ালিয়াসহ অন্তত ২০টি গ্রামে এখন মাশরুম চাষ হচ্ছে। এ ছাড়া মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর, ঠাকুরচরসহ কয়েকটি গ্রামের চাষিরাও উদ্বুদ্ধ হয়েছেন মাশরুম চাষে।কলাদী এলাকার মাশরুম চাষি মোস্তাফিজুর রহমান, মাহমুদুল হাসান ও নবকলস এলাকার আলম মিয়া জানান, হেলালের অনুপ্রেরণায় তাঁরা বাড়িতে মাশরুম চাষ করে সবজির চাহিদা মেটাচ্ছেন। পাশাপাশি তা বিক্রি করে আর্থিকভাবেও লাভবান হচ্ছেন। চাষ পদ্ধতি: মাশরুমের স্পন সংগ্রহ করে তা ঘরের মাচা বা তাকে আধো আলো এবং আধো ছায়ায় সারিবদ্ধভাবে রাখতে হবে। পাঁচ দিন পর স্পন ভরা প্যাকেটের দুই পাশ সামান্য কেটে ফাঁক করে ১০ মিনিট পানিতে চুবিয়ে রাখতে হবে। সেখান থেকে তুলে পানি ঝরাতে হবে। পরে প্যাকেটগুলো ভাঁজ করে আবার সাজিয়ে রাখতে হবে। এরপর প্রত্যহ তিনবার এগুলোয় পানি ছিটাতে হবে। এভাবে পাঁচ দিন পানি ছিটানোর পর কুঁড়ি বের হবে। পানি ছিটানোর সাত দিনের মাথায় এগুলো খাওয়ার উপযোগী হবে। এর মধ্যে পোকায় আক্রমণ করলে কীটনাশক ও ওষুধ ছিটাতে হবে। প্রতিটি প্যাকেট তিন মাস ফলন দেয় এবং তিন মাসে প্রত্যেকটি প্যাকেট থেকে ২৫০ থেকে ৩০০ গ্রাম মাশরুম পাওয়া যাবে। প্রতি কেজি বিক্রি হয় ১৫০-১৬০ টাকায়। ঔষধি গুণ অনেক: মতলব ডিগ্রি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধান মো. জসিমউদ্দিন জানান, মাশরুম একই সঙ্গে উদ্ভিদ ও সবজি। এর ভেষজ ও ঔষধি গুণ অনেক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এ কে এম মাহাবুবুর রহমান বলেন, নিয়মিত মাশরুম খেলে জটিল রোগ এমনকি ক্যানসার পর্যন্ত নিরাময় হয়। টিউমার ভালো হয়। উপকৃত হন বহুমূত্র ও হূদেরাগীরা।কর্মকর্তারা যা বলেন: উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মাহমুদ বলেন, মাশরুম চাষে হেলালের শ্রম ও নিষ্ঠা প্রশংসার দাবি রাখে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু আদনান বলেন, হেলাল উদ্দিন একজন আধুনিক মনস্ক কৃষিকর্মী। মাশরুম নিয়ে তাঁর তৎপরতা উল্লেখযোগ্য। উপসহকারী কৃষি কর্মকর্তা মুহাম্মদ আ. লতিফ সিদ্দিকী জানান, হেলালের অনুপ্রেরণায় তাঁরাও মাশরুম চাষ এবং এর বিস্তারে নেমে পড়েছেন। মতলব ডিগ্রি কলেজের প্রভাষক তৌহিদুল আলম (ইমু) বলেন, ‘মাশরুমকে পরিচিত করে তোলা এবং এর চাষাবাদে উদ্বুদ্ধ করতে অনন্য কৃতিত্ব দেখিয়েছেন হেলাল। তাঁর উৎসাহেই আমি সপরিবারে নিয়মিত মাশরুম খাচ্ছি।’ সমস্যা যত: হেলাল আক্ষেপ করে বলেন, এখানে উৎপাদিত মাশরুম বাজারজাতকরণ বা বিপণনের তেমন কোনো ব্যবস্থা নেই। এ ছাড়া মাশরুমের স্পন সহজলভ্য না হওয়ায় সব সময় মাশরুম চাষ করা যায় না। স্পন সংগ্রহ করতে যেতে হয় ঢাকার সাভারে। তিনি জানান, মাশরুম চাষের বিপ্লব ঘটাতে হলে সরকারের উচিত প্রতিটি জেলায় একটি করে মাশরুম কেন্দ্র স্থাপন করা। স্বপ্ন তাঁর বিশাল: ‘অন্যান্য সবজির মতো মাশরুমকেও যেদিন সবাই খাদ্য তালিকায় নেবে, সেদিনই আমার স্বপ্ন পূরণ হবে’—বলেন হেলাল। আর এ স্বপ্ন পূরণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।