মাশুল নিয়ে দর-কষাকষি
ভারত, নেপাল ও ভুটানকে ট্রানজিট-সুবিধা দেওয়ার বিনিময়ে মাশুল আরোপ করার ক্ষেত্রে দর-কষাকষির নীতিতে যেতে চাচ্ছে বাংলাদেশ। ন্যূনতম একটি হারকে বিবেচনায় রেখে দর-কষাকষি করে মাশুল নির্ধারণের বিষয়ে নীতিনির্ধারকেরা অনেকটাই একমত হয়েছেন বলে জানা গেছে।এই চিন্তার আলোকেই মূলত ট্রানজিট-সংক্রান্ত কোরগ্রুপ মাশুলের জন্য ন্যূনতম একটি হার সুপারিশ করার পক্ষে অবস্থান নিয়েছে। এ ক্ষেত্রে কোরগ্রুপের বক্তব্য হলো, ন্যূনতম হারে মাশুল সুপারিশ করার অর্থ হলো, এই হারের চেয়ে কম মাশুল নেওয়া হলে ট্রানজিট-সুবিধা দিয়ে বাংলাদেশ বিনিয়োগের অর্থ প্রিমিয়ামসহ তুলে আনতে পারবে না। কোরগ্রুপের ট্রানজিট-সংক্রান্ত প্রথম প্রতিবেদনে মাশুল আরোপের সুপারিশ করা হলেও পরিমাণ বা হার নির্ধারণ করা হয়নি। পরে কোরগ্রুপকে আবারও দায়িত্ব দেওয়া হয় মাশুল নির্ধারণে। দর-কষাকষির জন্য ন্যূনতম মাশুলের হার প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে বলেও জানা গেছে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহের বাংলাদেশ সফরের আগেই ন্যূনতম মাশুলের হার চূড়ান্ত করে দ্বিতীয় দফা প্রতিবেদন জমা দেবে কোরগ্রুপ।ট্যারিফ কমিশন সূত্রে জানা গেছে, টনপ্রতি প্রতি কিলোমিটারের জন্য সড়কপথে সাত সেন্ট, রেলপথে তিন সেন্ট ও নৌপথে আড়াই সেন্টের কম অর্থ নেওয়া হলে ট্রানজিট-সুবিধা দিয়ে বাংলাদেশ কার্যত লাভবান হবে না। অর্থাৎ এর চেয়ে বেশি হারে মাশুল আরোপ করা প্রয়োজন। এই সূত্র অনুসারে সড়কপথে ট্রানজিট রুটের দৈর্ঘ্য ১০০ কিলোমিটার হলে এক টন পণ্য পরিবহনের জন্য কমপক্ষে সাত ডলার মাশুল দিতে হবে। একই দৈর্ঘ্যে রেলপথে এক টন পণ্য বহনে কমপক্ষে তিন ডলার নিতে হবে এবং নৌপথে লাগবে আড়াই ডলার। দেখা যাচ্ছে, নৌপথেই সবচেয়ে কম মাশুল লাগছে। তবে এই হারই যে ন্যূনতম বা চূড়ান্ত হার হবে, তা এখনো নিশ্চিত নয়। আবার ভারতের জন্য যে হারে মাশুল আরোপ হবে, নেপাল ও ভুটানের জন্য সে হারে না-ও হতে পারে। কেননা, ভুটান ভূ-আবদ্ধ দেশ। নেপাল ভূ-আবদ্ধ তো বটেই, স্বল্পোন্নত দেশও। এসব বিবেচনায় এ দুটি দেশের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়ার সুযোগ কতটা আছে, তা পরীক্ষা করা হচ্ছে। অবশ্য অনেকেই মনে করছেন, মাশুল নিয়ে দর-কষাকষির দিকে যাওয়া ঠিক হবে না। সাধারণত ট্রানজিট প্রদানকারী দেশ নিজস্ব বিবেচনায় একতরফাভাবে মাশুল আরোপ করে। ট্রানজিট নিতে ইচ্ছুক দেশ তাতে সম্মত হলে ট্রানজিট শুরু হয়। নির্ধারণের প্রক্রিয়া: জানা গেছে, ১৫টি বিভিন্ন ব্যয় ও মাশুল বিবেচনায় রেখে সমন্বিত ন্যূনতম মাশুল নির্ধারণের কাজ করা হয়েছে। এগুলো হলো—টোল (আন্তসীমান্ত ব্যবহারকারী মাশুল), প্রশাসনিক ব্যয় মেটানোর মাশুল, রেল, সড়ক ও নৌপথ রক্ষণাবেক্ষণ, বিভিন্ন ধরনের সেবা গ্রহণ, অতিরিক্ত ওজন, জ্বালানি ক্রয় কর, ভারী যানবাহন ব্যবহার, বিদেশি যানবাহন নিবন্ধন, পার্কিং, যানজট, পরিবেশদূষণ (বায়ু ও শব্দদূষণ), প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্টকরণ, দুর্ঘটনা এবং স্বাস্থ্যঝুঁকি মাশুল। এসব মাশুল বিবেচনায় এনে টাকার অঙ্কে ন্যূনতম মাশুল নির্ধারণ করা হয়েছে। মূল মাশুল হিসেবে প্রতিবেদনে টোলকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। শুধু কাস্টমস খাত থেকে আট ধরনের মাশুল নেওয়া হবে। কাস্টমস-সংক্রান্ত মাশুল নির্ধারণের ক্ষেত্রে প্রতি টন পণ্যে কাগজপত্র প্রক্রিয়াকরণ মাশুল ১০ টাকা, ট্রানশিপমেন্ট মাশুল ২০ টাকা, স্ক্যানিং মাশুল ৩০০ টাকা, মার্চেন্ট ওভারটাইম ৪০ টাকা, নিরাপত্তা মাশুল ১০০ টাকা, প্রহরা মাশুল ৫০ টাকা, আইসিটি মাশুল ১০ টাকা এবং প্রশাসনিক মাশুল ৫০ টাকা হিসেবে ধরা হয়েছে। তবে এর আওতায় ট্রানজিট রুটের দৈর্ঘ্য বিবেচনায় আনা হয়নি। রেল ও সড়ক বিভাগ রুটের দৈর্ঘ্য অনুযায়ী মাশুল নেবে। আবার পণ্যবাহী ট্রাকের এক্সেল কম হলে বেশি মাশুল, আর বেশি এক্সেল থাকলে কম মাশুল আরোপ হবে। কেননা গাড়িতে বেশি এক্সেল সড়কের ক্ষতি অপেক্ষাকৃত কম হবে। ভারী যানবাহনের ক্ষেত্রে এই মাশুল নেওয়া হবে। ট্রানজিট যানবাহনটি বাংলাদেশের ভূখণ্ডে যাত্রাবিরতিকালে পার্কিং মাশুল নেওয়া হবে। আবার সড়কপথে বিদেশি এসব যানবাহন চলাকালে যানজট তৈরির জন্যও এক ধরনের মাশুল কেটে রাখা হবে। জ্বালানি তেল নেওয়ার জন্য নির্দিষ্ট কিছু পাম্প থাকবে। তবে দেশীয় যানবাহনে সরকার ভর্তুকিমূল্যে জ্বালানি বিক্রি করে। কিন্তু বিদেশি যানবাহনকে ভর্তুকিমূল্যে জ্বালানি দেওয়া হবে না। সে জন্য জ্বালানি ক্রয়ের জন্য কর আরোপ করা হবে।