মাসখানেক হাসপাতালে থাকতে হবে ঢালী আল মামুনকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পী ঢালী আল মামুনকে ব্যাংকক জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা সামান্য উন্নতির দিকে। আজ শনিবার তাঁকে প্রথমবারের মতো তরল খাবার দেওয়া হয়। চিকিত্সকেরা জানিয়েছেন, তাঁকে আরও মাসখানেক হাসপাতালে থাকতে হবে। এ সময় তাঁর একাধিক অস্ত্রোপচার হবে।গতকাল শুক্রবার ঢালী আল মামুনকে ব্যাংকক জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাত পৌনে আটটার দিকে তিনি হাসপাতালে পৌঁছেন। পরে তাঁর চিকিত্সার জন্য একটি চিকিত্সা দল (মেডিকেল বোর্ড) করা হয়। তাঁর সঙ্গে আছেন স্ত্রী চিত্রশিল্পী দিলারা বেগম জলি ও বন্ধু কথাসাহিত্যিক শাহাদুজ্জামান।শাহাদুজ্জামান আজ প্রথম আলোকে জানান, আগামী সপ্তাহে মামুনের হাত ও কাঁধে একটি অস্ত্রোপচার করতে হবে। এরপর তাঁকে আরও কয়েকটি অস্ত্রোপচার করতে হবে এবং দীর্ঘ মেয়াদে পর্যবেক্ষণে থাকতে হবে। তাঁর অবস্থা কিছুটা উন্নতির দিকে। আজ শনিবার প্রথম তাঁর মুখে তরল খাবার দেওয়া হচ্ছে। তাঁর কৃত্রিম শ্বাসযন্ত্রও সরানো হয়েছে। এ সময় তিনি চিকিত্সকদের কিছু প্রশ্নেরও উত্তর দিতে পেরেছেন। তবে মানিকগঞ্জের যে দুর্ঘটনায় তিনি আহত হয়েছেন, সেই ঘটনার ব্যাপারে তাঁর কোনো স্মৃতি মনে নেই।১৩ আগস্ট মানিকগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন চিত্রশিল্পী ঢালী আল মামুন। একই দুর্ঘটনায় নিহত হন বিশিষ্ট চলচ্চিত্র-নির্মাতা তারেক মাসুদ এবং বিশিষ্ট চিত্রগ্রাহক ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরসহ পাঁচজন।