মাসুদ আলমের আঘাতকে গৌণ করে দেখাতে চেয়েছে যশোর হাসপাতাল
প্রথম আলোর অভয়নগর প্রতিনিধি মাসুদ আলমের হাত-পা ভেঙে দেওয়ার ঘটনাকে গৌণ করে দেখাতে চেয়েছে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল থেকে পুলিশের কাছে যে জখমি সনদ দেওয়া হয়েছে, সেখানে আঘাতের প্রকৃতি বা মতামত কলামে লেখা হয়েছে, সিম্পল। আঘাতের বিবরণে হাত-পা ভেঙে দেওয়ার কথা উল্লেখ না করে হাত-পা থেঁতলে দেওয়া হয়েছে বলে লেখা হয়েছে। তবে বারডেম হাসপাতালের সনদে মাসুদ আলমের আঘাতের ধরনকে মারাত্মক জখম বলে উল্লেখ করা হয়েছে। বারডেমের সনদে লেখা হয়েছে, মাসুদ আলম ৪ এপ্রিল বাঁ হাতের বড় হাড়টি (রেডিয়াস) ভাঙা অবস্থায় ভর্তি হন। তখন তাঁর শরীরের বিভিন্ন অংশে ছিল জমাট বাঁধা রক্ত। পরে ৯ এপ্রিল অস্ত্রোপচার করে হাতের অভ্যন্তরে স্ক্রু দিয়ে প্লেট বসিয়ে দেওয়া হয়। ২০ এপ্রিল তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।গত ২৮ মার্চ ইজিবাইকযোগে অভয়নগর উপজেলা সদরে যাওয়ার সময় পথে সুন্দলী ইউনিয়নের ধোপাদী গ্রামের উলুরবটতলা নামক স্থানে সুফিয়ান ফকিরের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল তাঁর ওপর হামলা চালায়। মাসুদকে ইজিবাইক থেকে নামিয়ে ব্যাপক মারধর করা হয়। প্রথমে তাঁকে অভয়নগর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ২৮ মার্চ দুপুরেই মাসুদকে যশোর হাসপাতালে নিয়ে আসা হয় এবং পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে ৪ এপ্রিল ঢাকায় বারডেমে স্থানান্তর করা হয়। বারডেমে অস্ত্রোপচারের পর ভারতের ভেলরে সিএমসি হাসপাতালে চিকিৎসা নিয়ে ৫ জুলাই তিনি দেশে ফেরেন।মাসুদের ওপর হামলার পরদিন তাঁর বড় ভাই শেখ নূর আলম বাদী হয়ে অভয়নগর থানায় একটি মামলা করেন। প্রথমে অভয়নগর থানা পুলিশ মামলাটি তদন্ত করে। কিন্তু এক মাস পর (২৮ এপ্রিল) মামলাটির তদন্তভার গোয়েন্দা পুলিশের ওপর ন্যস্ত করা হয়। যশোর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মুন্সী আবু কুদ্দুছ মামলাটি তদন্ত করে ৩১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।অভিযোগপত্রের সঙ্গে মুন্সী আবু কুদ্দুছ বারডেম ও যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের দুটি সনদই জমা দিয়েছেন। তবে মাসুদ আলমের আইনজীবী মাহমুদ হাসান অভিযোগপত্রের কপি সংগ্রহ করতে গিয়ে দেখেন, নথিপত্রে বারডেমের সনদটি নেই।আদালতের নথিতে বারডেমের সনদ না থাকার বিষয়ে খোঁজ নিতে গেলে যশোরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে দায়িত্বরত পুলিশের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. রেজাউল করীম প্রথমে বলেন, হয়তো তদন্তকারী কর্মকর্তা নথিপত্র জমা দেওয়ার সময় বারডেমের সনদটি দিতে ভুলে গেছেন। তদন্তকারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে রেজাউল করীমকে জানানো হয়, বারডেমের সনদটি জমা দেওয়া হয়েছে। এরপর রেজাউল করীম আদালতের মালখানায় (রেকর্ড রুম) খোঁজ করে সনদটি উদ্ধার করেন। রেজাউল করীম বলেন, এটি অনিচ্ছাকৃত একটি ভুল। সনদটি এখন নথিতে যুক্ত করে দেওয়া হবে।যশোরের বিশিষ্ট আইনজীবী শরীফুল আলম বলেন, নথিপত্রে বারডেমের সনদ না থাকার ঘটনাটি হয়তো ভুলবশতই হয়েছিল। তবে এটি না থাকলে মামলাটির গুরুত্ব নষ্ট হয়ে যেত। যশোর হাসপাতাল মাসুদ আলমের হাত-পা ভেঙে দেওয়ার ঘটনাকে গৌণ করে দেখাতে চেয়েছে কেন, তারও খোঁজ নেওয়ার পরামর্শ দেন তিনি।আইনজীবীর পরামর্শে খোঁজ নিতে গিয়ে জানা যায়, যশোর হাসপাতাল থেকে দেওয়া জখমি সনদে মাসুদের হাড় ভেঙে দেওয়ার ঘটনা চেপে যাওয়া হলেও অভয়নগর হাসপাতালের নথিতে প্রকৃত ঘটনার বিবরণ রয়েছে। ঘটনার সময় অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত ও সদ্য বদলি হওয়া কর্মকর্তা শ্যামল কৃষ্ণ সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের পক্ষ থেকে জখমি সনদ চাওয়া হলে অভয়নগর হাসপাতালের নথিপত্রে যে বিবরণ লিখিত আছে তা পাওয়া যাবে।যশোর হাসপাতালে ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত মাসুদ আলম রাশিদুল হাসানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। জখমি সনদ সম্পর্কে জানতে চাওয়া হলে এই চিকিৎসক বিস্মিত হয়ে বলেন, এমনটা তো হওয়ার কথা নয়! তিনি বলেন, মাসুদের হাড় ভেঙে গিয়েছিল, মারের কারণে থেঁতলে গিয়েছিল শরীর। একপর্যায়ে তাঁকে বাঁঁচিয়ে রাখা যাবে কি না, সংশয় দেখা দেওয়ায় বারডেমে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়।তাহলে পুলিশের কাছে এমন একটি জখমি সনদ গেল কী করে, জানতে চাইলে রাশিদুল হাসান হাসপাতালের জরুরি বিভাগে যোগাযোগের পরামর্শ দিয়ে বলেন, জখমি সনদ হাসপাতালের জরুরি বিভাগ থেকে দেওয়া হয়।জরুরি বিভাগে খোঁজ নিয়ে জানা গেল, পুলিশকে জখমি সনদটি দিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক হাসান মাহমুদ হাদী। হাদীর কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, পুলিশের পক্ষে যথাযথ কাগজপত্র জমা না দেওয়ার কারণে এ রকম ভুল হয়ে থাকতে পারে। তিনি সনদটি পুনর্বিবেচনার জন্য হাসপাতালের আবাসিক চিকিৎসকের সঙ্গে আলাপ করতে বলেন। আবাসিক চিকিৎসক আলমগীর কবির জখমি সনদ পুনর্বিবেচনার জন্য আদালতের মাধ্যমে হাসপাতালে আবেদন করার পরামর্শ দেন।