মাসুদ আলমের ওপর হামলার ঘটনায় আটক ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর যশোরের অভয়নগর প্রতিনিধি মাসুদ আলমের ওপর হামলার ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে দুজনকে গতকাল শুক্রবার দুপুরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয় জনতা।এদিকে মাসুদ আলমের অবস্থার সামান্য উন্নতি হলেও তিনি এখনো শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাসুদ আলমের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের দিঘিরপাড়ে অভিযান চালায় পুলিশ। আটক করে গ্রামের জাহিদুল ইসলাম, আজিজুর শেখ ও আমিন উদ্দীন এবং খুলনার ডুমুরিয়া উপজেলার সাজিয়া গ্রামের সাগর মল্লিককে। অপর দুজন পালিয়ে যান সুন্দলী গ্রামের দিকে। স্থানীয় লোকজন গতকাল দুপুরে সুন্দলী গ্রামের বিল থেকে ধোপাদী গ্রামের বাসিন্দা আবদুল হান্নান (২৪) ও মনিরুল ইসলামকে (২৮) আটক করে পিটুনি দেন। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।মাসুদ আলম বলেন, আটক ব্যক্তিদের মধ্যে হান্নান, মনিরুল ও জাহিদুল সরাসরি তাঁর ওপর হামলা চালিয়েছেন। যোগাযোগ করা হলে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালেক প্রথম আলোকে বলেন, ‘রাতে অভিযান চালানোর সময় ওই ছয়জন একসঙ্গে ছিলেন। চারজনকে আটক করা গেলেও দুজন পালিয়ে যান। সেই দুজনকে স্থানীয় জনতা পিটুনি দিয়ে পুলিশের কাছে তুলে দিয়েছেন। এই দুজনকে পুলিশি হেফাজতে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’বৃহস্পতিবার দুপুরে অভয়নগরের সুন্দলী গ্রাম থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় (ইজিবাইক) করে মাসুদ আলম নওয়াপাড়া পৌর সদরে যাচ্ছিলেন। পথে ধোপাদী গ্রামের উলুর বটতলায় একদল সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালায়। তারা পিটিয়ে মাসুদ আলমের বাঁ হাত ভেঙে দেয়। এ ছাড়া তাঁর কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে প্রচণ্ড আঘাত করা হয়। যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক রাশিদুল হাসান বলেন, ‘মাসুদের শরীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে তিনি এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন। আগামী ৭২ ঘণ্টা এ আশঙ্কা থাকবে।’২০ মার্চ প্রথম আলোর পৃষ্ঠা ৯-এ জলবায়ু প্রকল্পে দুর্নীতিবিষয়ক একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদনে সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ বিশ্বাসের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ ছিল। সাংবাদিক মাসুদ আলম বলেন, ‘প্রতিবেদন প্রকাশের পর পরিতোষ কয়েক দফায় আমাকে হুমকি দিয়েছিলেন। তাঁর ভাড়াটে সন্ত্রাসী হান্নান, মনিরুল, জাহিদুলসহ ছয়-সাতজন আমার ওপর হামলা চালিয়েছে।’যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, ‘আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিতোষকে আটক করা হবে। হামলাকারী যে-ই হোক, তাকে ছাড় দেওয়া হবে না।’এদিকে মাসুদ আলমের ওপর হামলার প্রতিবাদে আজ শনিবার বিকেলে নওয়াপাড়া প্রেসক্লাবের উদ্যোগে নওয়াপাড়া পৌর সদরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। পরিতোষের প্রতিবাদ: ইউপি চেয়ারম্যান পরিতোষ বিশ্বাস গতকাল লিখিত বিবৃতিতে বলেন, ‘ওই হামলার ঘটনায় আমি কোনোভাবেই জড়িত নই। কোনো মহল অসৎ উদ্দেশ্যে আমাকে ওই ঘটনায় জড়িত করে সংবাদ প্রকাশ করিয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।’