মাসুদ হত্যাচেষ্টার মামলার আসামি সুফিয়ান গ্রেপ্তার
প্রথম আলোর অভয়নগর প্রতিনিধি মাসুদ আলম হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি সুফিয়ান ফকির গ্রেপ্তার হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অভয়নগর থানার পুলিশ তাঁকে ধোপাদী গ্রাম থেকে গ্রেপ্তার করে।এই সুফিয়ানের নেতৃত্বেই গত ২৮ মার্চ মাসুদের ওপর হামলা হয়েছিল। ওই দিন মাসুদ এস টি স্কুল অ্যান্ড কলেজ থেকে অভয়নগর উপজেলা সদরে যাওয়ার জন্য ইজিবাইকে রওনা দিলে পথিমধ্যে সুন্দলী ইউনিয়নের ধোপাদী গ্রামের উলুর বটতলা নামক স্থানে সুফিয়ানের নেতৃত্বে একটি সন্ত্রাসী দলের হামলার শিকার হন। হামলাকারীরা মাসুদকে ইজিবাইক থেকে নামিয়ে ব্যাপক মারধর করেন। এতে তাঁর শরীরের নিচের অংশ মারাত্মক জখম হয় এবং বাঁ হাত ভেঙে যায়। যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং সেখান থেকে ঢাকায় বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভারতের ভেলরের খ্রিষ্টান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ৫ জুলাই দেশে ফিরেছেন মাসুদ। এখনো তিনি পুরোপুরি সুস্থ নন।এ ঘটনায় মাসুদের বড় ভাই শেখ নূর আলম অভয়নগর থানায় মামলা করেন। গত ৩১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে যশোরের গোয়েন্দা পুলিশ। এতে ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে পরিতোষ কুমার বিশ্বাস, মো. হান্নান মোল্ল্লা, মনিরুল ইসলাম, জাহিদ শেখ, আজিজুর শেখ, আমিনউদ্দিন ও মো. সাগর জামিনে আছেন। পলাতক তিনজনের মধ্যে সুফিয়ান ফকির গ্রেপ্তার হলেও মো. শাহিন ও ইয়াছিন আলী এখনো পলাতক।অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস ছালেক বলেন, পলাতক অন্য দুই আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, সুফিয়ান যুবলীগের কর্মী হুমায়ুন কবীর হত্যাসহ কয়েকটি মামলার পরোয়ানাভুক্ত আসামি। তাঁকে রিমান্ডে নিতে আবেদন জানানো হবে।