মাসুমিদের একলা লড়াই
আফগানিস্তানের গণপূর্ত মন্ত্রণালয়ে অর্থনৈতিক সহকারী হিসেবে কাজ করতেন মুঝগান মাসুমি (২২)। নারী হয়ে তাঁর সরকারি কাজ করার বিষয়টি মেনে নিতে পারেননি তাঁর স্বজনসহ অনেকেই। নানাভাবে হুমকি দিয়েও যখন তাঁকে এ কাজ থেকে বিরত রাখা গেল না, তখন তাঁর ওপর হামলা চালানো হলো। হামলা চালান তাঁরই পরিচিত স্বজন।এমন ঘটনা শুধু মাসুমির জীবনেই ঘটেনি, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সরকার দায়িত্ব নেওয়ার পর নানা কাজে যখন নারীকে যুক্ত করা হয়েছে, তখনই বাধা এসেছে। এসব ক্ষেত্রে নারী সবচেয়ে বেশি বাধা পেয়েছেন পরিবারের পুরুষ সদস্যদের কাছ থেকে। পরিবারের মানা সত্ত্বেও যেসব নারী কাজ চালিয়ে যেতে চেয়েছেন, তাঁদের ওপর চড়াও হয়েছে স্বজনেরা, চালিয়েছে নানা নির্যাতন। আর এ ক্ষেত্রে দেশটির প্রশাসনের ভূমিকাও বেশ শিথিল। প্রশাসন পুরুষ কর্মীর নিরাপত্তা নিয়ে যত চিন্তিত বা উদ্যোগী, নারী কর্মীদের নিয়ে এমন কিছু তাদের নেই। অথচ আফগানিস্তানে সরকারি কাজ করতে গিয়ে পুরুষের চেয়ে নারীরাই বেশি ঝুঁকিতে থাকেন।বার্তা সংস্থা রয়টার্সের কাছে মুঝগান মাসুমি তাঁর ওপর পাশবিক হামলার বর্ণনা দিয়েছেন। হামলাকারী পশু জবাইয়ের বড় ধারালো ছুরি দিয়ে তাঁকে ১৪ বার আঘাত করেন। নির্যাতনের কারণে তিনি মেরুদণ্ডে এমন ব্যথা পেয়েছেন যে সোজা হয়ে দাঁড়াতে পারেন না। চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হন তিনি।মুঝগান মাসুমি বলেন, ‘আমার কোনো শত্রু নেই। কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গেও আমি যুক্ত না। তার পরও দেখুন, আমার প্রতি কী আচরণ করা হয়েছে। এ দেশে নারীর অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে।’ হামলাকারী সম্পর্কে মাসুমি রয়টার্সকে বলেন, ‘তিনি বাড়ির বাইরে নারীর কাজ করা পছন্দ করেন না।’ হামলার আগে বহুবার ওই ব্যক্তি ফোনে ও খুদেবার্তা পাঠিয়ে হুমকি দিয়েছেন বলে তিনি জানান। মাসুমির মা-বাবা জানান, হামলাকারী তাঁদের ওই আত্মীয় পুলিশে চাকরি করেন। হিসাববিজ্ঞানে ডিগ্রিধারী ও কিছুটা ইংরেজি জানা মুঝগান মাসুমি তাঁর মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ একজন কর্মী ছিলেন। কিন্তু তাঁর ওপর হামলার পর মন্ত্রণালয় তাঁকে সহায়তা করতে এগিয়ে আসেনি। এমনকি কেউ কোনো সান্ত্বনার বাণীও তাঁকে দেয়নি। তাঁর ভাষায়, ‘তারা আমাকে দেখতেও আসেনি। আর্থিক বা ন্যায়সংগত কোনো সহায়তা পাইনি।’ তাঁর ওপর হামলার পর ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক সংস্থা ইসাফের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে যায় বলে তিনি জানান।শিগগিরই যদি মাসুমি দেশের বাইরে চিকিত্সা না করান, তাহলে কাজ করার ক্ষমতা একেবারেই হারিয়ে ফেলবেন। এ ব্যাপারে গণপূর্ত মন্ত্রণালয়ের ডেপুটি আহমেদ ফরহাদ ওয়াহিদ বলেন, ইসাফকে তাঁর চিকিত্সার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল। তবে তারা সেটা করতে অপারগতা প্রকাশ করেছে।২০০১ সালে তালেবানের ক্ষমতাচ্যুতির পর আফগানিস্তানের নারীরা শিক্ষা, ভোটাধিকার ও কাজের অধিকার ফিরে পান। তবে এসব অধিকারের বাস্তবায়ন নিয়ে এখনো সংকট আছে। ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে ন্যাটোর নেতৃত্বাধীন বাহিনীর সদস্যদের সরিয়ে নেওয়া হবে। এখনই এমন অবস্থা, সেনারা চলে গেলে নিরাপত্তার কী হবে, তা নিয়ে অনেকেই আতঙ্কিত।আফগানিস্তানের হেরাত প্রদেশের প্রধান আইনজীবী মারিয়া বাশার বলেন, তালেবান ও সরকারের মধ্যে রাজনৈতিক সমঝোতা হলে নারীর নিরাপত্তা ভালোভাবে সংরক্ষিত হবে। দেশের একমাত্র নারী হিসেবে তিনি এ দায়িত্ব পালন করছেন। তবে তাঁকে বারবার হুমকি দেওয়া হচ্ছে এবং দুবার তাঁর ওপর হামলাও হয়েছে। তিনি জানান, তাঁর কর্মক্ষেত্রে তাঁকে আটজন দেহরক্ষী ঘিরে থাকে। আর বাড়িতে থাকে ছয়জন নিরাপত্তাকর্মী। আন্তর্জাতিক সংস্থা এই নিরাপত্তাকর্মীদের খরচ বহন করে বলে তিনি জানান।