দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে আবার কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। মাসে ১০ হাজার কর্মী নেবে দেশটি। প্রাথমিকভাবে নারী গৃহকর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এ জন্য বাংলাদেশিদের কোনো টাকা খরচ করতে হবে না। নিয়োগকারী প্রতিষ্ঠান তাঁদের সব খরচ বহন করবে। তাঁরা মাসে ১২ হাজার টাকা বেতন পাবেন।গতকাল মঙ্গলবার এ বিষয়ে বাংলাদেশের জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) সঙ্গে সৌদি আরবের জনশক্তি আমদানিকারক কমিটি সানারকম সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করেছে। এর আওতায় গৃহকর্মী, চালক, নিরাপত্তারক্ষী ও মালীসহ বিভিন্ন খাতে লোক নেবে দেশটি।গতকাল বিকেলে রাজধানীর ইস্কাটনে বায়রা ভবনে দুই পক্ষের মধ্যে এ সমঝোতা চুক্তি হয়। বায়রার পক্ষে সংগঠনের সভাপতি মোহাম্মদ আবুল বাশার এবং সানারকমের পক্ষে সভাপতি সাদ নাহার আল-বাদ্দাহ স্মারকে সই করেন।বায়রার সভাপতি আবুল বাশার প্রথম আলোকে বলেন, সমঝোতা স্মারক অনুযায়ী প্রথম পর্যায়ে সৌদি আরব বাংলাদেশ থেকে গৃহকর্মী, গাড়িচালক, নিরাপত্তাকর্মী ও বাগানকর্মী—এই চার শ্রেণীতে মাসে প্রায় ১০ হাজার কর্মী নিয়োগ করবে। পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণীতে এটি সম্প্রসারিত হবে।কবে নাগাদ সৌদি আরব লোক নিতে পারে, জানতে চাইলে আবুল বাশার বলেন, সৌদি প্রতিনিধিদল এখন দেশে ফিরে বিষয়টি চূড়ান্ত করবে। প্রক্রিয়া শেষ করে লোক পাঠাতে মাস দেড়েক লেগে যেতে পারে।সমঝোতা অনুযায়ী, বাংলাদেশি গৃহকর্মীরা সৌদি আরবে বিনা মূল্যে থাকা-খাওয়া ও যাওয়ার টিকিটের পাশাপাশি মাসিক ৬০০ রিয়াল করে পাবেন। চালকেরা পাবেন ৮০০ রিয়াল। তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করবে নিয়োগকারী প্রতিষ্ঠান। খাওয়ার জন্য খরচ না দিলে তাঁদের অতিরিক্ত ২০০ রিয়াল করে দেওয়া হবে। এ ছাড়া নিরাপত্তাকর্মী ও মালীরা থাকার সুবিধার পাশাপাশি মাসিক বেতন পাবেন ৬০০ রিয়াল। এর বাইরে খাওয়ার খরচ হিসেবে তাঁদের দেওয়া হবে আরও ২০০ রিয়াল করে। বর্তমানে প্রতি রিয়ালের মূল্যমান বাংলাদেশি ২০ টাকার কাছাকাছি।বায়রা সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে জনশক্তি আমদানির বিষয়ে আলোচনার জন্য সানারকমের প্রতিনিধিদলটি রোববার ঢাকায় আসে। মধ্যপ্রাচ্যের এই দেশে বর্তমানে ২০ লাখের মতো বাংলাদেশি বিভিন্ন খাতে কাজ করছেন।মন্ত্রীর সংবাদ সম্মেলন: সানারকমের সফররত প্রতিনিধিদল এর আগে গতকাল সকালে সচিবালয়ে গিয়ে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে বৈঠক করে। দুপুর ১২টায় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে প্রতি মাসে ১০ হাজার নারী-শ্রমিক নেবে সৌদি আরব। গৃহকর্মীদের যাওয়ার খরচ বহন করবে সৌদি স্পনসর কোম্পানি। বাংলাদেশ থেকে তাঁরা সম্পূর্ণ বিনা খরচে যেতে পারবে। প্রাথমিকভাবে তারা গৃহকর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে। এরপর দেশটি পর্যায়ক্রমে মালী, নিরাপত্তাকর্মী, গাড়ির চালক ও অন্যান্য পেশার লোক নেবে।মন্ত্রী বলেন, লোক পাঠানোর জন্য বাংলাদেশিদের এক টাকাও খরচ করতে হবে না। সৌদি আরবের যে প্রতিষ্ঠান লোক নেবে, তারা প্রত্যেক কর্মীর বিপরীতে ৮০০ মার্কিন ডলার করে পাঠাবে। এ টাকায় কর্মীর বিমান ভাড়া, প্রশিক্ষণ ও অন্যান্য খরচ হয়ে যাবে। কাজেই কোনো কর্মীকে এক টাকাও খরচ করতে হবে না। আর একজন গৃহকর্মীর মাসে বেতন হবে বাংলাদেশি টাকায় ১২ হাজার টাকা।এর পরও যদি কোনো রিক্রুটিং এজেন্সি কোনো কর্মীর কাছ থেকে টাকা নেয়, তাহলে কী হবে, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমি কর্মীদের অনুরোধ করব, কাউকে এক টাকাও না দেওয়ার জন্য। এর পরও যদি কোনো এজেন্সি টাকা নেয়, তাহলে তাদের লাইসেন্স বাতিল করা হবে।’মন্ত্রী বলেন, ইতিমধ্যে কর্মীদের নাম নিবন্ধন এবং তাঁদের প্রশিক্ষণ শুরু হয়েছে। মাস দুয়েকের মধ্যে লোক যাওয়া শুরু হবে বলে তিনি আশা করেন।মন্ত্রী বলেন, যাঁরা গৃহকর্মী হিসেবে যেতে চান, তাঁদের এখন দেশের বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্রে প্রশিক্ষণ চলছে। যাঁরা নতুন করে যেতে চান, দেশের প্রতিটি জেলা কার্যালয়ে প্রবাসীকল্যাণ ডেস্কে তাঁদের রেজিস্ট্রেশন করতে হবে। এতে ২৫ থেকে ৩৫ বছর বয়সী নারীরা রেজিস্ট্রেশন করতে পারবেন।