মাসোহারা পাচ্ছেন নাম ব্যবহার করে
সামনে সুন্দর পরিবেশ। কাচ দিয়ে ঘেরা পুরো হাসপাতাল। ভেতরে মেঝেতে দামি টাইলস। রয়েছে সুসজ্জিত অপারেশন থিয়েটার, সাধারণ শয্যা ও ডায়গনস্টিক কক্ষ। পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত। বাইরে-ভেতরে চাকচিক্য থাকলেও সিলেট নগরের অধিকাংশ বেসরকারি হাসপাতালে নেই কোনো স্বীকৃত চিকিৎসক-সেবিকা।অনুসন্ধানে দেখা যায়, কাগজে-কলমে হাসপাতালগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন বলে প্রচার দেওয়া হলেও বাস্তবে অনেক হাসপাতালে তা নেই। রোগীদের জন্য নেই পর্যাপ্ত সুযোগ-সুবিধা। সার্বক্ষণিক চিকিসত্ক থাকার পরিবর্তে চিকিৎসক সহকারীরা রোগী দেখছেন। অনেক হাসপাতালে জরুরি প্রয়োজনে সেবা পায় না বলে অভিযোগ রোগীদের।১১ এপ্রিল সরেজমিনে গিয়ে দেখা যায়, নগরের মিরের ময়দান এলাকায় ফেয়ার হেলথ প্রাইভেট লিমিটেডে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ও হূদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক শিশির বসাকের নামসংবলিত একটি সাইনবোর্ড টাঙানো রয়েছে। আবার এই হাসপাতালের ঠিক ১০০ গজের মধ্যে শাহজালাল মেডিকেল সার্ভিসেসে একই চিকিৎসকের আরেকটি সাইনবোর্ড টাঙানো হয়েছে।ফেয়ার হেলথ প্রাইভেট লিমিটেডের অভ্যর্থনাকারী পরিচয় দিয়ে মারুফ আহমদ নামের এক ব্যক্তি জানান, হাসপাতালের সম্মুখভাগে আটজন চিকিৎসকের যাঁদের নাম সাইনবোর্ডে লেখা রয়েছে, তাঁদের সবাই হাসপাতালের পরিচালক। তাঁদের মধ্যে শুধু চিকিৎসক মো. মতিউর রহমান হাসপাতালে বসেন, অন্যদের বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে।জানা যায়, রোগীদের আকর্ষণ করতে সিলেট নগরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক-হাসপাতালের সামনে অসংখ্য বিশেষজ্ঞ চিকিৎসকের নাম ও পদবিসংবলিত সাইনবোর্ড টাঙানো থাকে। চিকিৎসকদের অনেকেই এসব ক্লিনিক-হাসপাতালে চিকিৎসা না দিলেও তাঁদের নামটুকু কাজে লাগায় ক্লিনিক-হাসপাতালগুলো। আর নিজেদের নাম ব্যবহার করার কারণে ওই সব প্রতিষ্ঠান থেকে নিয়মিত মাসোহারা পাচ্ছেন চিকিৎসকেরা। একজন চিকিৎসকের নাম একাধিক ক্লিনিক-হাসপাতাল ব্যবহার করছে বলেও খোঁজ নিয়ে জানা গেছে।রোগীরা অভিযোগ করেছেন, বিশেষজ্ঞ চিকিৎসক থাকার কথা থাকলেও অধিকাংশ ক্লিনিক কিংবা হাসপাতালে সাধারণ মানের চিকিৎসক দিয়ে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। অথচ রোগীদের কাছ থেকে আদায় করা হচ্ছে মোটা অঙ্কের টাকা।