মাস্টারমাইন্ড ছিলেন গোলাম আযম
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী সুলতানা কামাল। জবানবন্দিতে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত এবং বেতারে প্রচারিত সংবাদ থেকে জানা যায়, আলবদর, আলশামস ও রাজাকার বাহিনী পাকিস্তানি সেনাদের বিভিন্ন কৌশলে সমর্থন ও সহায়তা দিয়েছে। আর এই সমর্থন ও সহযোগিতার ‘মাস্টারমাইন্ড’ ছিলেন জামায়াতের শীর্ষ নেতা গোলাম আযম।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ প্রায় এক ঘণ্টা জবানবন্দি দেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। এরপর তাঁকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। কাল বুধবার আসামিপক্ষের আইনজীবীরা আবার তাঁকে জেরা করবেন। জবানবন্দির সময় গোলাম আযম আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন। গতকাল সোমবার থেকে সুলতানা কামাল ট্রাইব্যুনালে জবানবন্দি দেওয়া শুরু করেছিলেন।সুলতানা কামাল বলেন, ১৯৭১ সালের ২৩ ও ৩১ আগস্ট লাহোর ও হায়দরাবাদে গোলাম আযম নিজে উপস্থিত থেকে পাকিস্তানি সেনাদের কর্মকাণ্ডে সমর্থন দিয়েছেন এবং মুক্তিবাহিনীর বিরুদ্ধে বিষোদগার করেছেন। এ সময় তিনি মুক্তিবাহিনীকে নির্মূল করারও আহ্বান জানান।