রাজশাহী কলেজ ছাত্রাবাসের মাস্টার্স শেষবর্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে ১৬ মার্চ প্রীতি ক্রিকেট ম্যাচ, শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।রাজশাহী কলেজ ছাত্রাবাসের বি-ব্লকের আবাসিক এবং ২০১০ সালের মাস্টার্স শেষবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে সকালে ছাত্রাবাসের মাঠে এক প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। সকাল ১০টায় বর্ণিল সাজে সজ্জিত হয়ে বাদ্যযন্ত্রের সঙ্গে শিক্ষার্থীরা কলেজ ছাত্রাবাস থেকে একটি বার্ণাঢ্য শোভাযাত্রা বের করে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার ছাত্রাবাসে ফিরে আসেন। বিকেলে ২০টি ঘোড়ার গাড়িতে করে শহরের ভেতরে শোভাযাত্রা বের করা হয়।সন্ধ্যায় ছাত্রাবাসে এই উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ছাত্রাবাসের সহকারী তত্ত্বাবধায়ক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ হবিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষার্থী সোহরাব, বেলাল হোসেন, জাহাঙ্গীর আলম, চঞ্চল এবং বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে মতিউর রহমান, মমিনুল হক প্রমুখ।প্রধান অতিথি তাঁর বক্তব্যে ঘোষণা দেন, এই কলেজ ছাত্রাবাসের নামকরণ সাতজন বীরশ্রেষ্ঠর নামানুসারে করা হবে। এ ঘোষণায় শিক্ষার্থীরা করতালি দিয়ে উল্লাস প্রকাশ করেন।এরপর প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।