মাহফুজুর রহমানকে অভিনন্দন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী প্রায় সব সংগঠন যৌথভাবে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে অভিনন্দন না জানানোর আহ্বান জানিয়েছে। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় ওই আহ্বান জানানো হয়।সভা থেকে এটিএন বাংলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর মালিককে অভিনন্দন জানানো থেকে বিরত থাকতে পেশাজীবী বিভিন্ন সংগঠন, রাজনীতিবিদ, সুশীল সমাজ, শিল্পী, কলাকুশলী, প্রকাশক, সম্পাদক, মিডিয়া ব্যক্তিত্ব, শিল্পপতি, ব্যবসায়ীসহ সব শ্রেণীর নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়।সাংবাদিক নেতারা বলেন, এটিএন বাংলার চেয়ারম্যান দেশের প্রধানমন্ত্রীকে বাচাল আখ্যায়িত করেছেন। দেশে আসার পর উচ্চ আদালতে দাঁড়িয়ে তিনি তা অস্বীকার করে নিজেকে বাচাল বলে দাবি করেন। তাই যে ব্যক্তি বাচাল বলে নিজেকে দাবি করতে পারেন এবং সাংবাদিক দম্পতিকে নিয়ে অশালীন-কুরুচিপূর্ণ বক্তব্য দিতে পারেন, তাঁর কোনো অনুষ্ঠানে এ দেশের সভ্য সমাজ অংশ নিতে পারে না।সভায় সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকারীদের গ্রেপ্তার, দেশের সব সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার, সাংবাদিক নির্যাতন বন্ধ ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার দাবিতে ১৭ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য সাংবাদিকদের আহ্বান জানানো হয়।সাংবাদিক নেতারা প্রথম আলোর তিন ফটোসাংবাদিককে নির্যাতন, বিয়ানীবাজারে সাংবাদিক জুনায়েদ ও যশোরের শার্শায় জামাল উদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।সাংবাদিক নেতারা বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের পাঁচ মাস পার হয়ে গেলেও খুনিদের শনাক্ত করা যায়নি। লন্ডনে মাহফুজুর রহমানের দেওয়া তথ্য তদন্তের কাজে ব্যবহার করার জন্য তদন্তকারী সংস্থার প্রতি বারবার আহ্বান জানানো হলেও তাঁকে কার্যকর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, এমনকি তাঁর কাছ থেকে কোনো তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে না। তাঁকে গ্রেপ্তারের দাবি জানানো হলেও সরকার এতে কর্ণপাত করছে না। উল্টো মাহফুজুর রহমান সাংবাদিক সমাজের চলমান আন্দোলন ও ঐক্য বিনষ্টের নানামুখী পাঁয়তারা চালিয়ে যাচ্ছেন।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএফইউজের মহাসচিব শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস শহিদ ও ওমর ফারুক, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সভাপতি কাজী রওনাক হোসাইন ও যুগ্ম সম্পাদক কাদের গণি চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান, ডিইউজের সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন ও শাবান মাহমুদ, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইশারফ হোসেন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিউদ্দিনসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও সমিতির নেতারা।