মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিষয়ে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তাঁরা এ দাবি জানান।যশোরে সাংবাদিক জামালউদ্দিন হত্যার প্রতিবাদে এবং সাগর-রুনির বিষয়ে এটিএন বাংলার চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের দাবিতে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। একই দাবিতে আগামী রোববার আবার মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজের একাংশের) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, সব সাংবাদিক হত্যার বিচার ও গণমাধ্যমের স্বাধীনতার দাবিতে ২৬ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে সাংবাদিকদের পদযাত্রা কর্মসূচি রয়েছে। এর আগেই মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করতে হবে। তিনি রুনি সম্পর্কে যে মানহানিকর বক্তব্য দিয়েছেন, এর প্রমাণ তাঁকে দিতে হবে।বিএফইউজের একাংশের সভাপতি বলেন, কোন কোন সাংবাদিক নেতা ‘ওই আসরে’ যেতেন, এর প্রমাণও তাঁকে দেখাতে হবে। যদি না পারেন, তাহলে তাঁকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান জানান ইকবাল সোবহান।গত ৩০ মে লন্ডনে মাহফুজুর বলেছিলেন, সাগর-রুনি পরকীয়ার বলি। এ ছাড়া রুনির বাসায় মদের আসর বসা, রুনির শিশুসন্তানের বক্তব্যের রেকর্ড তাঁর কাছে থাকার কথা বলেন তিনি। এরপর সাংবাদিক সমাজ বিক্ষোভে ফেটে পড়ে। ওই সময় সাংবাদিক সমাবেশ থেকে সাংবাদিকদের সব সংগঠন ও ইউনিয়নের নেতারা একযোগে মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবি জানান।আজকের মানববন্ধনে অন্যদের মধ্যে অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (অপর সংগঠন) সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব শওকত মাহমুদ, আরেক অংশের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ডিইউজের এক অংশের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, ডিইউজের আরেক অংশের সভাপতি আবদুস শহীদ, সাধারণ সম্পাদক বাকের হোসাইন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান।গত ১০ ফেব্রুয়ারি রাতের কোনো একসময় সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন।অন্যদিকে ১৫ জুন যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে জামালউদ্দিন (৪২) নামের একজন সাংবাদিককে খুন করে দুর্বৃত্তরা। জামাল যশোর থেকে প্রকাশিত দৈনিক ‘গ্রামের কাগজ’ পত্রিকার কাশিপুর প্রতিনিধি ছিলেন।