সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার তদন্তে আজ বৃহস্পতিবার এটিএন বাংলা কার্যালয়ে গিয়েছিল র্যাবের তদন্ত দল। তারা প্রায় সাড়ে তিন ঘণ্টা সেখানে অবস্থান করে। এ সময় তদন্ত দলের কর্মকর্তারা চ্যানেলের চেয়ারম্যানের কাছে বিভিন্ন বিষয়ে জানতে চান।নিহত মেহেরুন রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ সাংবাদিক ছিলেন। সম্প্রতি লন্ডনে একটি সভায় এই হত্যাকাণ্ড নিয়ে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের দেওয়া বক্তব্য সাংবাদিক মহলে বিতর্কের ঝড় তোলে। সাংবাদিকেরা মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবি জানান।সূত্র জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে মামলাটির তদন্ত কর্মকর্তা র্যাবের সহকারী পুলিশ সুপার জাফরউল্লাহ, র্যাবের তদন্ত (ইনভেস্টিগেশন উইং) শাখার পরিচালক রওশন আরা, আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েলসহ একটি দল এটিএন বাংলার কারওয়ান বাজারের প্রধান কার্যালয়ে যান। বেলা সোয়া দুইটার দিকে র্যাবের দলটি কার্যালয় ত্যাগ করেন।সেখানে র্যাব কর্মকর্তা এম সোহায়েল সাংবাদিকদের বলেন, হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেওয়ার পর র্যাবের তদন্ত দল ঘটনাস্থলে ও নিহত সাগরের কর্মস্থল মাছরাঙা টেলিভিশনের কার্যালয়ে গিয়েছে। এরই ধারাবাহিকতায় তারা এটিএন বাংলার কার্যালয়ে যায়। সেখানে রুনি কোথায় বসতেন, কোন কম্পিউটারে কাজ করতেন—এসব দেখেছেন র্যাবের তদন্ত কর্মকর্তারা। রুনির করা কাজের (এসাইনমেন্ট) তালিকা নেওয়া হয়েছে।সোহায়েল বলেন, সম্প্রতি এটিএন বাংলার চেয়ারম্যান দেশের বাইরে যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছে। তিনি বলেছিলেন তাঁর কাছে কিছু ভিডিও ফুটেজ রয়েছে। সেই ফুটেজগুলো সংগ্রহ করা হয়েছে।র্যাবের কর্মকর্তারা, এটিএন বাংলা থেকে নিহত দম্পতির ছেলে মাহির সরোয়ার মেঘের প্রথম সাক্ষাত্কারের ফুটেজ সংগ্রহ করেন। কয়েকজন কর্মকর্তা পৃথকভাবে প্রায় এক ঘণ্টা এটিএন বাংলার চেয়ারম্যানের কক্ষে তাঁর সঙ্গে কথা বলেন। এটিএনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে র্যাবের দলটি কথা বলে।