মাহফুজুর রহমানের বিরুদ্ধে মানহানির মামলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি করার অভিযোগে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। মহানগর যুবলীগের নেতা এমদাদুল হক আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বাদী হয়ে এ মামলা করেন।মামলায় অভিযোগ করা হয়, মাহফুজুর রহমান সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বাচাল’ আখ্যায়িত করে বক্তব্য দেন। ২৫ জুন একুশে টিভিসহ বেশ কয়েকটি টিভি চ্যানেলে তা প্রচার করা হয়। প্রধানমন্ত্রী সম্পর্কে এ ধরনের বক্তব্য শিষ্টাচার-বহির্ভূত ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের শামিল। এতে জাতীয় ও আন্তর্জাতিকভাবে সরকার ও আওয়ামী লীগের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই যুবলীগের একজন কর্মী হিসেবে তাঁরও সম্মান হানি ঘটেছে।মহানগর হাকিম মোহাম্মদ এরফানুল্লাহ বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এ বিষয়ে কোনো আদেশ দেওয়া হয়নি।৩০ মে লন্ডনে মাহফুজুর রহমান প্রধানমন্ত্রীকে ‘বাচাল’ বলে মন্তব্য করেছেন বলে বেশ কয়েকটি টিভি চ্যানেলে প্রচারিত খবরে বলা হয়েছে।