মাহফুজুরকে গণমাধ্যমের শত্রু আখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে ‘গণমাধ্যমের শত্রু’ বলে আখ্যায়িত করেছে সাংবাদিকদের ছয়টি সংগঠন। একই সঙ্গে অবাঞ্ছিত ঘোষণা করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার ও গতকালের মানববন্ধনে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী এ ঘোষণা দেন। একই সঙ্গে এটিএন বাংলা ও এটিএন নিউজের টক শোসহ সব অনুষ্ঠান বর্জনের জন্যও সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (উভয় অংশ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (উভয় অংশ), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) যৌথভাবে এ কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনের রাস্তায় বিক্ষোভ মিছিল করেন সাংবাদিকেরা।গতকালের মানববন্ধনে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এটিএন বাংলার নয় সংবাদকর্মীসহ মোট ১০ জনকে নিজ নিজ সংগঠন থেকে বহিষ্কার এবং তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়। গতকালের ঘটনার ভিডিও ফুটেজ ও পত্রিকায় প্রকাশিত ছবি থেকে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে মানববন্ধনে জানানো হয়।যাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে, তাঁরা হলেন—এটিএন বাংলার জ ই মামুন, নাদিরা কিরণ, এস এম বাবু, মানস ঘোষ, কেরামতউল্লাহ বিপ্লব, ভানুরঞ্জন চক্রবর্তী, রাহাত মিনহাজ, শওকত মিল্টন, মাহমুদুর রহমান ও ভোরের কাগজের শামীম আহমেদ।আজকের মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে প্রবীণ সাংবাদিক এবিএম মূসা বলেন, সাগর-রুনির রক্তের বিনিময়ে সাংবাদিকদের মধ্যে ঐক্য সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ‘সাগর-রুনির রক্তের প্রতি তোমরা বিশ্বাসঘাতকতা কোরো না।’ইকবাল সোবহান চৌধুরী অভিযোগ করেন, মাহফুজুর রহমান সাংবাদিকদের ঐক্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাঁর নির্দেশে এটিএন বাংলার কর্মীরা রোববারের মানববন্ধনে হামলা চালিয়েছে। ইকবাল সোবহান চৌধুরীর ভাষায়, এ কারণে সব সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে মাহফুজুর রহমানকে গণমাধ্যমের শত্রু হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সাগর-রুনি হত্যার তদন্ত চলাকালে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন অভিযোগ করে তিনি এটিএন বাংলার চেয়ারম্যানকে গ্রেপ্তার করার দাবি জানান।বিএফইউজের অপর অংশের সভাপতি রুহুল আমিন গাজী অভিযোগ করেন, রোববারের মানববন্ধনে হামলার ঘটনায় এটিএন বাংলা ও এটিএন নিউজ অপসাংবাদিকতা করেছে। এর মাধ্যমে ওই টেলিভিশন চ্যানেল দুটি ক্ষমার অযোগ্য অপরাধ করেছে বলেও তিনি মন্তব্য করেন।কর্মসূচিতে অন্য সাংবাদিক নেতাদের মধ্যে শওকত মাহমুদ, আবদুল জলিল ভূঁইয়া, কামাল উদ্দিন সবুজ, আবদুস শহীদ, ওমর ফারুক, বাকের হোসাইন, সাখাওয়াত হোসেন প্রমুখ বক্তব্য দেন।সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে গতকাল রোববার মানববন্ধন কর্মসূচি ছিল। কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে দুপুর পৌনে ১২টার দিকে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে গ্রেপ্তার এবং তাঁর মালিকানাধীন দুটি চ্যানেলের সাংবাদিকদের মালিকের দোসর আখ্যা দিয়ে বক্তব্য দেওয়ায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের নেতা জাহাঙ্গীর আলম প্রধানকে লাঞ্ছিত করা হয়।