মাহফুজের মামলা ২৪ ঘণ্টায় প্রত্যাহার দাবি
বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকসহ ৫৯ ব্যক্তির বিরুদ্ধে মাহফুজুর রহমানের করা মামলা ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।সাগর-রুনি হত্যাসহ সব সাংবাদিক হত্যা ও নির্যাতন তদন্তের দাবিতে আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়েছে। দুপুর পৌনে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দুই অংশ, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা পূর্ব ঘোষিত এ কর্মসূচি পালন করেন।এ ছাড়া সাগর-রুনির হত্যাকাণ্ডের ঘটনায় এটিএন বাংলার চেয়ারম্যানকে গ্রেপ্তার করে তাঁর কাছ থেকে তথ্য আদায়ের দাবিতে ১৬ সেপ্টেম্বর এটিএন বাংলা কার্যালয় ঘেরাও কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, ২৫ সেপ্টেম্বরের মধ্যে সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তারসহ অন্যান্য দাবি আদায় না হলে ২৬ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে ফের অবস্থান ও সমাবেশ করা হবে। সাগর-রুনি হত্যাসহ সব সাংবাদিক হত্যা ও নির্যাতন তদন্তের দাবিতে ৫ সেপ্টেম্বর আন্দোলনের ঘোষণা দেন সাংবাদিক নেতারা। এ জন্য সরকারকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন তাঁরা। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে প্রেসক্লাবের সামনে সুশীল সমাজ ও পেশাজীবী সংগঠন নিয়ে সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে হত্যাকারীদের গ্রেপ্তার করারও দাবি জানানো হয়। তা না হলে ২৬ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে আবার অবস্থান ও সমাবেশের ঘোষণা দেওয়া হয়। কর্মসূচির অংশ হিসেবে ১১ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে এবং ১৬ সেপ্টেম্বর এটিএন বাংলা কার্যালয় ঘেরাও ও সমাবেশ করার ঘোষণা দেন সাংবাদিকেরা। আজকের সমাবেশ থেকে বিভিন্ন গণমাধ্যমের চাকরিচ্যুত সাংবাদিকদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধ, ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে সাংবাদিক নির্যাতন বন্ধ, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত, মুক্ত গণমাধ্যমের দাবি জানানো হয়।সমাবেশ শুরু হওয়ার পর প্রেসক্লাবের সমানের রাস্তার দুই দিক থেকে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার ঘটনায় এটিএন বাংলার কার্যালয় ঘেরাও এবং সমাবেশ কর্মসূচির বিষয়ে নিষেধাজ্ঞা চেয়ে গতকাল সোমবার চ্যানেলটির চেয়ারম্যান মাহফুজুর রহমান এক আবেদন করেন। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ফজলে এলাহী ভূঁইয়া আবেদনটি খারিজ করে দেন।বিবাদীরা সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে গণমাধ্যম ও সভা-সমাবেশে বাদী মাহফুজুর রহমানকে জড়িয়ে যাতে মানহানিকর কোনো বক্তব্য না দেন, সে জন্য মাহফুজুর রহমানের পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয়। আদালত কোনো মানুষের বাকস্বাধীনতা হরণ করতে পারেন না উল্লেখ করে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে দেন যুগ্ম জেলা জজ।সাংবাদিকেরা যাতে ওই দিনগুলোতে সভা-সমাবেশ, হত্যাকাণ্ডের ঘটনায় তাঁকে জড়িয়ে কোনো বক্তব্য দিতে না পারেন এবং তা প্রকাশ করা না হয়—এই মর্মে ঘোষণা চেয়ে মামলা করেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। মামলায় জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং বিভিন্ন সংবাদপত্র, রেডিও, টেলিভিশন চ্যানেল, অনলাইন পত্রিকার সম্পাদকসহ ৫৯ জনকে বিবাদী করা হয়। আদালত বিবাদীদের জবাব দাখিলের জন্য ২৯ নভেম্বর দিন ধার্য করে সমন জারির আদেশ দেন।