শেয়ারবাজারে কারসাজি করার অভিযোগে গ্রেপ্তার করা প্রিমিয়ার ব্যাংকের কর্মকর্তা মাহবুব সরোয়ারের বিরুদ্ধে ‘পুঁজিবাজার আইন ১৯৯৩’ ভঙ্গের অভিযোগ এনে মামলা করবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। মাহবুব সরোয়ারকে গতকাল বৃহস্পতিবার গুলশান থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গত বুধবার রাতে র্যাবের কর্মকর্তারা তাঁকে গ্রেপ্তার করেন। র্যাব সূত্র জানায়, প্রিমিয়ার ব্যাংকের বাজার বিশ্লেষক মাহবুব সরোয়ারের কাছ থেকে পুঁজিবাজারকে প্রভাবিত করার গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে র্যাব। দেখা গেছে, এসব কাজ করার জন্য তিনি ফেসবুকসহ ছয়টি ওয়েব ঠিকানা ব্যবহার করেছেন। হাজার হাজার বিনিয়োগকারী এসব ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে বাজারে বিনিয়োগ করেছেন। এর মধ্যে বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগ করেছেন এমন ১০-১২ জন বিনিয়োগকারীর নাম-ঠিকানা পেয়েছে র্যাব। মাহবুব সরোয়ার লিখিতভাবে র্যাবের কাছে এসব স্বীকারোক্তি দিয়েছেন। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, মাহবুব সরোয়ার পুঁজিবাজার আইন ১৯৯৩ ভঙ্গ করেছেন। এ আইন অনুসারে বৈধ অনুমোদন ছাড়া কেউ শেয়ারবাজারসংক্রান্ত কোনো পরামর্শ দিতে পারবেন না। এ আইন ভঙ্গ করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। এ মামলা আদালতে দায়ের করা হবে। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হবে। সূত্র জানায়, বেশ কিছুদিন আগে থেকেই শেয়ার কেনাবেচা নিয়ে নানা ওয়েবসাইটে গুজব ছাড়ানো হচ্ছিল। বাজারের তেজি অবস্থা দেখে গত দু-তিন বছরে এসব সাইট গড়ে উঠেছে। এসব সাইটে দেওয়া হচ্ছে শেয়ারবাজার সম্পর্কিত নানা রকমের খবর। কোনোটা হয়তো মিলছে, আবার কোনো খবরের বাস্তব কোনো ভিত্তিই নেই। আর অতিরিক্ত মুনাফা লাভের আশায় এসব গুজবের ফাঁদে পড়ে অনেকেই পুঁজি হারাচ্ছেন। এ রকম প্রায় এক ডজন ওয়েবসাইট আছে যেগুলো বাজারে বিভিন্ন শেয়ারের দামের গুজব, লভ্যাংশের গুজব, বড় বড় লেনদেনের তথ্য দেওয়া হচ্ছে। আবার আগামী এক সপ্তাহের কোনটার দামে কী ধরনের পরিবর্তন ঘটবে, তারও উল্লেখ থাকে এসব সাইটে। আর এ জন্য গ্রাহকদের কাছ থেকে নির্দিষ্ট হারে অর্থও নেওয়া হতো। এ ব্যাপারে এসইসির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ বলেন, ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের কাজ না করে সে জন্য অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে। এ ধরনের মামলায় সর্বোচ্চ পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে। এ সময় এসইসির অপর নির্বাহী পরিচালক এ টি এম তারিকুজ্জামান উপস্থিত ছিলেন।