মাহবুবউদ্দিন খোকনের জামিন প্রশ্নে বিভক্ত রায়
হরতালে রাজধানীর তেজগাঁও থানায় করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকনের জামিন প্রশ্নে বিভক্ত রায় দিয়েছেন হাইকোর্ট।আজ বুধবার বিচারপতি মোহাম্মদ আনোয়ার-উল হক ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চে জ্যেষ্ঠ বিচারপতি জামিন মঞ্জুর করলেও অপর বিচারপতি জামিন নামঞ্জুর করে তা খারিজ করেন। এখন বিষয়টি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে বলে আইনজীবীরা জানিয়েছেন।মাহবুবউদ্দিন খোকন আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আরজি জানান। বিকেল তিনটায় আবেদনটির ওপর শুনানি হয়।আদালতে মাহবুবউদ্দিনের পক্ষে শুনানি করেন রফিক-উল হক ও রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।আদালত থেকে বেরিয়ে রফিক-উল হক প্রথম আলো ডটকমকে বলেন, জ্যেষ্ঠ বিচারপতি আগাম জামিন মঞ্জুর করেছেন। তবে অপর বিচারপতি জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন। এখন বিষয়টি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির কাছে যাবে। সে পর্যন্ত মাহবুবউদ্দিনকে যাতে হয়রানি ও গ্রেপ্তার না করা হয়, সে বিষয়ে আদালতকে আশ্বস্ত করেছেন রাষ্ট্রপক্ষ।