মাহমুদউল্লাহ এখন ‘সেরা আট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বাজে ব্যাটিংয়ের কল্যাণে টসে হারার অসুবিধাটা কাটিয়ে উঠল ভারত এবং তাদের এমন রানে আটকে দিল, যা মোটেই বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে না ভারতের জন্য। বাংলাদেশের ব্যাটসম্যানরা তাদের উইকেটগুলো এমনভাবেই ছুড়ে দিয়ে এল, যাকে দৃষ্টিকটু বললেও কম বলা হয়। এতে আবারও তাদের ব্যাটিংয়ের মেজাজটাই প্রশ্নবিদ্ধ হলো। এসবের মধ্যেও একমাত্র আলোর রেখা দুই ব্যাটসম্যান, যারা চট্টগ্রাম টেস্টেও দারুণ দুর্দান্ত ব্যাটিং করেছে।মুশফিকুর আবারও দৃঢ়তাপূর্ণ ব্যাটিং করেছে, কিন্তু ইশান্ত শর্মার দুর্দান্ত একটি বলে সে এলবিডব্লু হয়ে ফিরেছে। মাহমুদউল্লাহ বাংলাদেশের আরেকটি উজ্জ্বল উদাহরণ, তাকে অবশ্যই বিশ্বের সেরা আট নম্বর ব্যাটসম্যান বলতে হবে। এটাই এখনো মনের মধ্যে অস্বস্তির কাঁটা হয়ে বিঁধছে যে, মুশফিকুর এবং মাহমুদউল্লাহ ৭ ও ৮ নম্বরেই ব্যাট করে যাবে!ক্রিকেট ফর্মের খেলা। যখন আগের ম্যাচটিতেই দুজন ব্যাটসম্যানের রয়েছে দারুণ খেলার তরতাজা অনুভূতি, তখন এটাই স্বাভাবিক বিবেচনা হওয়া উচিত যে তাদের একটু ওপরে নামাতে হবে, যাতে তারা ওই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে আবারও ভালো কিছু করতে পারে। সেটি হলো না এবং বাংলাদেশ নিজেদেরই তৈরি করা পরিস্থিতির শিকার হলো।শাহরিয়ার নাফীসকে বাদ দিল বাংলাদেশ, কিন্তু রকিবুলকে কেন রাখা হলো সেটি বোঝা গেল না। চট্টগ্রাম টেস্টে রকিবুলকে খুবই নড়বড়ে লেগেছে ক্রিজে এবং এখানে প্রথম ইনিংসেও সে নড়বড় করেছে। তাকে বরং মাহমুদউল্লাহর পজিশনে পাঠালেই ভালো হতো, কারণ শুরুর দিকে উইকেট পতনের পর ব্যাটিংয়ে নামার চাপটা তাকে তখন সামলাতে হতো না। তিন টপ-অর্ডার ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর তাকে পাঠানো কোনো কাজে দিচ্ছে না। উইকেটে এসে দাঁড়ানোর সময় তার শরীরী ভাষাই বুঝিয়ে দেয় সে কতটা নার্ভাস।অনেক দিন ধরেই বাংলাদেশের ব্যাটিংয়ের বড় নির্ভরতা বলে গণ্য হচ্ছে মোহাম্মদ আশরাফুল। কেন তাকে ওই চোখে দেখা হয় সেটি বোঝা যায়, যখন সে আনন্দদায়ী ব্যাটিং শুরু করে। কিন্তু এ পর্যন্ত তিনটি টেস্ট ইনিংস ও আগের ত্রিদেশীয় সিরিজের ব্যাটিং তার দায়বদ্ধতা কিংবা এটির অভাবকেই সামনে নিয়ে আসছে। ভয়াবহ একটা শট খেলে আউট হলো সে। এর পর যেভাবে ব্যাট দিয়ে প্যাডে আঘাত করে নিজের হতাশা প্রকাশ করল, তাতেও বাংলাদেশের সমর্থকদের রাগ ও হতাশা কমবে না। যে অমিত প্রতিভা তার আছে, সে কিন্তু সেটার স্ফুরণ ঘটাতে পারেনি। নিজের প্রতি সুবিচার করতে চাইলে ওকে ওর দৃষ্টিভঙ্গি নিয়ে গুরুত্বের সঙ্গে ভাবতে হবে।অনেক পরিশ্রম করে একটা বড় স্কোরের সম্ভাবনা জাগিয়েও নিজের উইকেটটা ছুড়ে দিয়ে আসার অপরাধে অভিযুক্ত অধিনায়ক সাকিব আল হাসানও। দল মোটেও নিরাপদ জায়গায় নেই, এমন অবস্থায় সে একটি বাইরের বল তাড়া করতে গেল এবং ক্যাচ দিল উইকেটের পেছনে। বাংলাদেশের সৌভাগ্য যে এর পর ছিল মাহমুদউল্লাহ নামের দুর্দান্ত একজন, যে স্ট্রাইক ধরে রেখেছে এবং মূল্যবান কিছু রান করে বাংলাদেশের স্কোরটাকে ভদ্রস্থ জায়গায় নিয়ে গেছে। মাঠের চারদিকে শট খেলেছে। তবে সবচেয়ে মুগ্ধতার বিষয় হলো, মারার বলই সে মেরেছে, নিজের সামর্থ্যের বাইরে কিছু করতে যায়নি।ভারতের জন্য শুভ লক্ষণ হলো, ইশান্ত তার ছন্দ ফিরে পেয়েছে। ভালো রানআপে বেশ জোরের সঙ্গে কিছু বল করেছে সে, বল মুভ করিয়েছে দুদিকেই। জহির দিন দিন আরও ভালো করছে। এই দুজন নতুন বলে দুর্দান্ত একটা জুটি গড়ে তুলেছে। ওঝাকে খুব বিপজ্জনক না লাগলেও স্থিতধী ছিল। তবে এই দিনটির চেয়ে অনেক ভালো দিনের সঙ্গে পরিচয় আছে হরভজনের।ভারত টেস্টের চালকের আসনে। তবে এতে প্রতিপক্ষের অকুণ্ঠ সহায়তাও তারা পেয়েছে।