মাহমুদউল্লাহ-সাকিবে বাংলাদেশ ৪০০ পার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাউন্ডারি লাইনের পাশের তাঁবু থেকে করতালির সঙ্গে ‘শাবাশ সাকিব’ কোরাস উঠল। ফিরেও তাকালেন না সাকিব। ব্যাটটা সরিয়ে নিতে নিতে কীভাবে বলটা তা ছুঁয়ে গেল, সেই গবেষণা যে তখনো শেষ হয়নি! সতীর্থরা ‘শাবাশ’ বলছে, কিন্তু নিজে তো জানেন প্রথম টেস্ট সেঞ্চুরিটা ছুড়ে ফেলে দিয়ে এলেন এই মাত্র!তখনো সাকিব জানেন না, ড্রেসিংরুমে ফেরার পর দুঃখটা বেড়ে যাবে বহুগুণ। গ্লাভস-হেলমেট না খুলেই টিভিতে রিপ্লেতে দেখলেন, বলটা ম্যাককালামের গ্লাভসে যাওয়ার আগে মাটি ছুঁয়েছিল। রেফারেল চাইলেই তাঁকে আর ৮৭ রানে ফিরে আসতে হয় না।চাননি, কারণ সাকিবের সন্দেহই হয়নি। অন্য প্রান্তে দাঁড়ানো মাহমুদউল্লাহরও না। ম্যাককালামের? বাসে উঠতে উঠতে ম্যাককালাম বললেন, ‘আমি এক শ ভাগ নিশ্চিত ছিলাম না বলে আম্পায়ারদের বলেছিলাম। তাঁরা বলেছেন, সব ঠিক আছে।’হ্যামিল্টন টেস্টের তৃতীয় দিনের ম্যাচ রিপোর্ট এভাবে শুরু হওয়ার কথা ছিল না। মাহমুদউল্লাহ অসাধারণ এক সেঞ্চুরি করেছেন। বাংলাদেশের ব্যাটিং চেনা চিত্রনাট্য অনুসরণ করতে করতে হঠাত্ই গল্পের মোড় ঘুরিয়ে দেওয়া ১৪৫ রানের পার্টনারশিপে টেস্ট ক্রিকেটে নিজেদের পঞ্চম সর্বোচ্চ স্কোর গড়ে এড়িয়েছে ফলোঅন। তার পরও দিন শেষে সবকিছু ছাপিয়ে বড় হয়ে দাঁড়াল ওই বিতর্ক। সাকিব আউট ছিলেন না!তৃতীয় দিন লাঞ্চের সময় এই টেস্টের পঞ্চম দিনের মুখ দেখা আর ঢাকার যানজটমুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় সমান বলে মনে হচ্ছিল। আগের দিন দুদলের কথাতেই ঘুরেফিরে এসেছিল পরের দিনের প্রথম সেশন। ওটাই ম্যাচের ভাগ্যনির্ধারণী আড়াই ঘণ্টা। তাতে ৫ উইকেট পড়ে যাওয়ার পর তো ভাগ্য নির্ধারণ হয়েই গেল! ফলোঅন হচ্ছেই এবং চা-বিরতির আগেই তামিম ইকবালরা পেয়ে যাচ্ছেন সকালের ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগ। তখন কে ভেবেছিল, দিন শেষে সংবাদ সম্মেলনে এসে ভেট্টোরিকে বলতে হচ্ছে, ‘কাল দুটি সেশন ভালো ব্যাটিং করার পর ম্যাচ জিততে আমাদের আরও ভালো বোলিং করতে হবে।’মাহমুদউল্লাহর দাবি, তিনি ভেবেছিলেন। ‘সাকিব ভালো ব্যাটিং করছিল। আমার বিশ্বাস ছিল, আমরা একটা পার্টনারশিপ দাঁড় করিয়ে ফলোঅন বাঁচাতে পারব।’ সেই পার্টনারশিপ এমনভাবেই দাঁড়িয়ে গেল যে, দ্বিতীয় সেশনে আর কোনো উইকেটই পড়ল না! সাকিবের ওই মহা আফসোসের মুহূর্তটির আগে পড়ার কোনো সম্ভাবনাও জাগেনি। সপ্তম উইকেটে ১৪৫ রানের জুটি বাংলাদেশের নতুন রেকর্ড। আগের রেকর্ডটিতেও ছিলেন সাকিব। ২০০৮-এর শেষ দিনে ১১১ রানের সেই জুটিতে সঙ্গী ছিলেন মুশফিকুর।ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে ওই টেস্টে বাংলাদেশের ৪১৩ রানের ইনিংস। অল্পের জন্য সেটিকে ছাড়িয়ে যাওয়া গেল না। বাংলাদেশের ইনিংস শেষ হলো ৫ রান পেছনে। টেস্ট ক্রিকেটে মাত্র ষষ্ঠবার চার শ। নিউজিল্যান্ডের বিপক্ষে আগের সর্বোচ্চ ইনিংস পড়ে থাকল ১৪৬ রান পেছনে।দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় আগুন দিয়েই আগুনের বিরুদ্ধে লড়লেন সাকিব-মাহমুদউল্লাহ। ৩৯ ওভারে ওই ১৪৫ রানের জুটি, ওভারপ্রতি প্রায় পৌনে চার রান। ১০৪ বলে সাকিবের ৮৭। মাহমুদউল্লাহর ১১৫ এল ১৭৭ বলে। ক্রিকেট বইয়ের সব শট তো খেললেনই, আধুনিক ক্রিকেটের উদ্ভাবিত স্কুপ-টুপও। দুঃসাহসী সুন্দরের প্রতীক হয়ে দুজনেরই হাফ সেঞ্চুরি অমন দুটি শটে বাউন্ডারি মেরেই।সাকিবের আউটটা তাঁর ব্যক্তিগত দুঃখ হয়েই থেকেছে। স্কোরবোর্ডে তখন ৩৪১, নিশ্চিত হয়ে গেছে ফলোঅন এড়ানো। উইকেটের ঘরে ‘৭’ রেখেই সেই ৩৫৪ ছুঁয়ে ফেলল বাংলাদেশ। তখনো মাহমুদউল্লাহর একটি ব্যক্তিগত দুঃখ ঘোচাতে বাকি। ভারতের বিপক্ষে এর আগের টেস্টেই ৯৬ রানে অপরাজিত থেকে ফিরতে হয়েছিল। সম্ভব দ্রুততম সময়ে কবর দিয়ে ফেললেন সেই আক্ষেপের। নব্বইয়ের নার্ভাসনেসও তাঁকে ছুঁতে ব্যর্থ। টাফির ওভারে চার বলের মধ্যে এক চার আর হুকে দুই ছয় মেরে ৮১ থেকে ৯৭-এ। পরের ওভারে মার্টিনকে হুক করে চার মেরে সেঞ্চুরি। তার পর লাফিয়ে ওঠা শূন্যে!নিউজিল্যান্ডারদের কাছে এক লাফে অনেকটা ওপরে উঠে গেল বাংলাদেশের ক্রিকেট!ঝিনাইদহে তিন মিনিটের টর্নেডোয় ১৬ গ্রাম লন্ডভন্ড, একজন নিহত