মাহমুদউল্লাহকে বাধা দেওয়ায় বিসিবির আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র দুই রানের জন্য অধরাই থেকে গেছে বাংলাদেশের এশিয়া কাপ জয়ের স্বপ্ন। মাঠে ক্রিকেটার পাশাপাশি দর্শকেরাও ঝরিয়েছেন চোখের জল। স্বপ্নপূরণের এত কাছাকাছি এসেও অপ্রাপ্তির বেদনাটা ভুলতে পারছে না কেউ।ইনিংসের শেষ ওভারে আইজাজ চিমা পিচের মধ্যে মাহমুদউল্লাহকে রান নেওয়ায় সময় বাধা দিয়েছিলেন। এ জন্য মাহমুদউল্লাহ আম্পায়ারের কাছে আবেদনও জানিয়েছিলেন। কিন্তু আম্পায়ার বাংলাদেশের সহ-অধিনায়কের কথা না শুনে খেলা চালিয়ে যান। এর ক্ষতিপূরণ হিসেবে পাকিস্তানের ৫ রান কেটে নেওয়ার আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খুব শিগগিরই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে এই আবেদন জানানো হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান এনায়েত হোসেন সিরাজ।আজ শনিবার আনুষ্ঠানিকভাবে এই আবেদন করার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন সিরাজ। তিনি বলেছেন, ‘আমরা শেষ ওভারের ওই ঘটনাটার ভিডিও বারবার দেখেছি। এটা খুবই পরিষ্কার যে চিমা ইচ্ছাকৃতভাবে মাহমুদউল্লাহকে রান নিতে বাধা দিয়েছেন। আমরা খুবই দ্রুত এ বিষয়ে এসিসির কাছে লিখিত আবেদন জানাব।’ আবেদনের একটা কপি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির কাছেও পাঠানো হবে বলে জানিয়েছেন এনায়েত হোসেন।জয়ের জন্য শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল ৯ রান। ওই ওভারে চিমার একটি বলে দ্বিতীয় রান নিতে গিয়ে বাধার সম্মুখীন হন মাহমুদউল্লাহ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতে, এই ঘটনাটা না ঘটলে ফলাফল অন্যকিছুও হতে পারত। রয়টার্স।