মাহমুদুর অনশন ভাঙবেন না, চিকিৎসক বললেন সুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। হাসপাতালের উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেন, ‘সব পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকেরা দেখেছেন তিনি সুস্থ আছেন।’এদিকে, মাহমুদুর রহমানের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান অনশন ভঙ্গ করবেন না। তাই সরকারকে দাবি মানতে আহ্বান জানিয়েছেন তাঁরা। আজ শুক্রবার কারওয়ান বাজারে পত্রিকার কার্যালয়ে সংবাদ সম্মেলনে নাগরিক অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক ফরহাদ মজহার এ কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিত্সাধীন মাহমুদুরের শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে। তবে ওই হাসপাতালের উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেন, ‘আজ সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকেরা দেখেছেন তিনি সুস্থ আছেন। বায়োকেমিক্যাল ও হেমাটোলোজিক্যাল যত মাপকাঠি আছে সবগুলোর বিবেচনাতেই তিনি ভালো আছেন। তাঁর হূদযন্ত্রেও কোনো সমস্যা নেই। তিনি সিসিইউতে ভর্তি আছেন।’পারিবারিক বন্ধু হিসেবে আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে মাহমুদুর রহমানের সঙ্গে সাক্ষাত্ করেন ফরহাদ মজহার। তাঁর সঙ্গে মাহমুদুর রহমানের মা মাহমুদা বেগম ও স্ত্রী ফিরোজা মাহমুদও ছিলেন। ফরহাদ মজহার বলেন, ‘আমরা তাঁর শারীরিক অবস্থা নিয়ে অত্যন্ত চিন্তিত। সাত দিনের রিমান্ড ও পাঁচ দিনের অনশনের কারণে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন।’ ফরহাদ মজহার বলেন, ‘মাহমুদুর রহমান নিজের মুক্তির জন্য অনশন করছেন না। তিনি যে তিনটি দাবিতে আন্দোলন করছেন তা হলো, তাঁর মায়ের নামে করা মামলা প্রত্যাহার, বন্ধ হওয়া “আমার দেশ” পত্রিকা প্রকাশের সুযোগ করে দেওয়া ও প্রেস থেকে আটক করা ১৯ কর্মচারীকে মুক্তি দেওয়া।’ এক প্রশ্নের জবাবে ফরহাদ মজহার বলেন, মাহমুদুরকে নিয়ে অনেক পত্রিকা অন্যায়ভাবে বিষোদগার করছে। কেননা ‘আমার দেশ’-এর কারণে এসব পত্রিকার প্রচার সংখ্যা কমেছে। এ জন্য তারা চাইছে পত্রিকাটি বন্ধ হোক। ফরহাদ মজহার বলেন, ‘হাসপাতালে তাঁর শরীরের বিভিন্ন অংশে ভয়াবহ নির্যাতনের চিহ্ন দেখেছি। একজন সম্পাদককে এভাবে নির্যাতন করা যায় না।’ তিনি বলেন, ‘মাহমুদুরকে বলা হয়েছে, সরকারের কথামতো না চললে তাঁর পরিবারের ওপর নির্যাতন চালানো হবে।’ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বলেন, ‘“আমার দেশ” সুপরিকল্পিতভাবে বন্ধ করা হয়েছে। তথ্যমন্ত্রী বলছেন, পত্রিকা প্রকাশে কোনো বাধা নেই। তাঁর সঙ্গে কথাও হয়েছে। তিনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। কিন্তু তিন দিনেও তাঁর কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ চেয়েও পাওয়া যায়নি।’ সংবাদ সম্মেলনে বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, সাংবাদিক বাছির জামাল, মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।দাবি মানতে বিশিষ্ট নাগরিকদের বিবৃতিমাহমুদুর রহমানের তিন দফা দাবি মানতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের সাতজন বিশিষ্ট নাগরিক। যৌথ এক বিবৃতিতে তাঁরা দাবি মেনে মাহমুদুরকে বাঁচানোর আহ্বান জানান।বিবৃতিতে স্বাক্ষর করেন প্রবীণ আইনজীবী রফিক-উল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, জাতীয় অধ্যাপক তালুকদার মনিরুজ্জামান, নাগরিক অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক ফরহাদ মজহার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহবুব হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ।