মাহমুদুর রহমান ও হাশমত আলীর বিরুদ্ধে আদালত অবমাননার আরেকটি রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ‘স্বাধীন বিচারের নামে তামাশা’ নামে প্রকাশিত একটি প্রতিবেদন নিয়ে আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও প্রকাশক হাশমত আলীর প্রতি আদালত অবমাননার রুল জারি করেছেন। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ নতুন করে করা আদালত অবমাননার একটি আবেদনের পরিপ্রেক্ষিতে রুলটি জারি করেন।আদালত অবমাননার অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা ২৪ আগস্টের মধ্যে জানাতে বলা হয়েছে।অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান আজ সকালে ‘স্বাধীন বিচারের নামে তামাশা’ শিরোনামে প্রতিবেদনটি আদালত অবমাননার শামিল বলে আবেদনটি পেশ করেন। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রিয়াজউদ্দিন খান ও কাজী মাইনুল হাসান পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও প্রকাশক হাশমত আলীর বিরুদ্ধে আবেদনটি করেন।এদিকে ‘চেম্বার মানেই সরকার পক্ষে স্টে’ শিরোনামে প্রতিবেদনটি নিয়ে মাহমুদুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে করা আদালত অবমাননার রুলের শুনানি অব্যাহত রয়েছে। কাল আবার শুনানি অনুষ্ঠিত হবে।আজকের শুনানিতে আসামিদের সবাই উপস্থিত ছিলেন।জানা যায়, গত ২১ এপ্রিল আমার দেশ-এ ‘চেম্বার মানেই সরকার পক্ষে স্টে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এটি আদালত অবমাননার শামিল দাবি করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রিয়াজউদ্দিন খান ও কাজী মাইনুল হাসান মে মাসের প্রথম সপ্তাহে মাহমুদুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে ২ জুন আপিল বিভাগ তাঁদেরকে আদালতে হাজির হতে নির্দেশ দেন। পাশাপাশি রুলও জারি করেন, তবে ওই দিন ভোররাতে গ্রেপ্তার হন মাহমুদুর রহমান।