মাহমুদুর রহমান দণ্ডবিধির আওতায় গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘আমার দেশ’-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে প্রচলিত দণ্ডবিধি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘২০১২ সালে ১৪ ডিসেম্বর থানায় যে মামলা করা হয়েছিল, সেই মামলায় মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে প্রেস অ্যান্ড পাবলিকেশনস আইন অনুযায়ী গ্রেপ্তার করা হয়নি। এ আইনে সংবাদপত্রের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হয়, মাহমুদুর রহমানের বিরুদ্ধে সেভাবে ব্যবস্থা নেওয়া হয়নি।’ তিনি বলেন, তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা এখন আদালতের এখতিয়ারাধীন।এদিকে সাম্প্রতিক সময়ে বিরোধী দলের হরতাল কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতা রাজনৈতিকভাবে মোকাবিলার সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে কমিটি সহিংস কর্মকাণ্ডের বিপরীতে পুলিশের ভূমিকার প্রশংসা করেছে। আজকের বৈঠক শেষে কমিটির সদস্য জাতীয় পার্টির মুজিবুল হক সাংবাদিকদের বলেন, পুলিশ বাহিনী হরতালে সৃষ্ট সহিংসতা থেকে জনগণকে রক্ষা করতে পেরেছে। সে জন্য কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছে। কিন্তু হরতালের সহিংসতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা উচিত। কারণ পুলিশের পক্ষে অবিরাম জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।একই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদীয় কমিটি হরতালকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছে। পাশাপাশি তারা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারায় মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছে।কমিটির সভাপতি ছায়েদুল হকের সভাপতিত্বে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, মুজিবুল হক চুন্নুসহ কমিটির অন্য সদস্যরা অংশ নেন।