মাহমুদুর রহমান দুই মামলায় আট দিনের রিমান্ডে
নিষিদ্ধঘোষিত হিযবুত তাহ্রীরের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে চার দিনের রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর বিরুদ্ধে দায়ের করা দুটি মামলায় চার দিন করে আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।হিযবুত তাহ্রীরের নেতাদের বিরুদ্ধে উত্তরা মডেল থানায় দায়ের করা একটি মামলায় মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক নুরুল আমিন। মহানগর হাকিম ইসমাইল হোসেন চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।অন্যদিকে গতকাল রাতে মাহমুদুর রহমানের বিরুদ্ধে ‘উত্তরা ষড়যন্ত্র’-এর ঘটনায় বিমানবন্দর থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে ওই থানার পুলিশ। এর পরিপ্রেক্ষিতে একই আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।হিযবুত তাহ্রীরের নেতাদের বিরুদ্ধে মামলাটি হয় গত ১৯ এপ্রিল। সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক (এসআই) নওজেস আলী আদালতকে বলেন, হিযবুত তাহ্রীর বিডিআর বিদ্রোহ, গ্যাস-পানির সমস্যা, ভারতের সঙ্গে চুক্তি নিয়ে আপত্তিকর প্রচারপত্র বিতরণ করে। বিডিআর বিদ্রোহ নিয়ে তৈরি করা প্রচারপত্র আমার দেশ পত্রিকার ছাপাখানায় ছাপানো হয়েছিল। সম্পৃক্ততার বিষয়ে এবং জঙ্গি মদদদাতাদের চিহ্নিত করতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।মাহমুদুর রহমান রিমান্ডের বিরোধিতা করে আদালতকে বলেন, ‘মামলার এজাহারে আমার নাম নেই। রিমান্ডে নেওয়ার জন্য আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। পুলিশ প্রতিবেদনে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার মতো কোনো তথ্য নেই।’ তিনি রিমান্ড আবেদন বাতিল করে জামিন চান। তিনি তাঁর পরিবারের উদ্দেশে বলেন, এই সরকারের আমলে হয়তো জীবিত ফেরা হবে না।একই আদালতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মামলার শুনানি হয়। এই মামলায় মাহমুদুর রহমানকে আদালত কথা বলার সুযোগ দিলে তিনি কোনো কথা বলেননি। তাঁর আইনজীবীরা বলবেন বলে জানান তিনি। তাঁর আইনজীবীরা আদালতকে বলেন, সংবাদপত্রের কণ্ঠ রোধ করতে পত্রিকার প্রকাশনা বন্ধ করা হয়েছে। এই প্রথম কোনো পত্রিকার সম্পাদককে রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে। ঘটনার চার বছর পর মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুদ্দিন সালেহ আহমেদ চৌধুরী গত সোমবার রাতে মাহমুদুর রহমান, পুলিশের সাবেক আইজি আবদুল কাইয়ুম, তৎকালীন যুগ্ম সচিব আবদুস সবুরসহ ১৬ জনকে আসামি করে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন।অভিযোগে বলা হয়, ২০০৬ সালের ২৪ নভেম্বর রাতে উত্তরায় মাহমুদুর রহমানের ব্যবসায়িক প্রতিষ্ঠান আর্টিজান সিরামিকে জনপ্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা গোপন বৈঠক করেন। তৎকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চারদলীয় জোটকে ক্ষমতায় আনার অপচেষ্টা করা হয়েছিল ওই বৈঠকে।এ ঘটনার তদন্তে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের কৃষিসচিব আবদুল আজিজের (বর্তমানে মন্ত্রিপরিষদ সচিব) নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। কমিটির তদন্তে ১৩ জনকে দায়ী করে বলা হয়, উপস্থিত সরকারি কর্মকর্তারা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণের দায়ে অভিযুক্ত।সাংবাদিকদের অনশন: আমার দেশ পত্রিকার প্রকাশনা চালু ও ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে গণ-অনশন কর্মসূচি পালন করেছেন সাংবাদিক ও পেশাজীবীরা। বিএফইউজে ও ডিইউজের যৌথ উদ্যোগে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এ কর্মসূচি চলে।রিটের শুনানি: আমার দেশ পত্রিকার প্রকাশনা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিটের শুনানি শুরু হয়েছে। গতকাল বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে এ শুনানি হয়। আজও শুনানি হওয়ার কথা রয়েছে। আমার দেশ লিমিটেডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার-উর-নবী সোমবার রিটটি দায়ের করেন।পাঁচ সাংবাদিককে আত্মসমর্পণের নির্দেশ: পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় পত্রিকাটির পাঁচ সাংবাদিককে আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিঞার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তাঁদের আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এ সময় তাঁদের হয়রানি ও গ্রেপ্তার না করতে নির্দেশ দিয়েছেন আদালত। পাঁচ সাংবাদিক হলেন সৈয়দ আবদাল আহমেদ, জাহেদ চৌধুরী, সঞ্জীব চৌধুরী, আলাউদ্দিন আরিফ ও সাইফুল ইসলাম।