মাহমুদুর রহমান ১৩ দিন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগেআমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গতকাল বৃহস্পতিবার ১৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল সকাল নয়টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে পত্রিকাটির কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।রাত সাড়ে ১০টার দিকে পুলিশ তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পত্রিকাটির ছাপাখানায় তল্লাশির পর তালা লাগিয়ে দেয়। এ সময় পত্রিকা মুদ্রণে ব্যবহূত যন্ত্রপাতিরও জব্দ তালিকা তৈরি করা হয়।এ বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশনার ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা ছাপাখানায় তল্লাশির পর সেখানে ছোট-বড় কিছু যন্ত্র ও মালপত্র আলামত হিসেবে জব্দ করেছেন। পুলিশ ছাপাখানায় তালা লাগিয়ে সিলগালা করে দিয়েছে। জব্দ করা যন্ত্র পত্রিকা মুদ্রণে ব্যবহার করা যাবে না। এখান থেকে পত্রিকাটি ছাপানো যাবে না।ছাপাখানার ব্যবস্থাপক মহিউদ্দিন জিলানি জানান, পুলিশ তাঁর সিপিইউ, মনিটর ও প্রিন্টার নিয়ে গেছে। ছাপাখানায় তালা দিয়ে প্রধান ফটকের বাইরে পুলিশের পাহারা বসানো হয়েছে। তিনি বলেন, ‘পুলিশ ছাপাখানার যন্ত্র ও মালপত্রের জব্দ তালিকা তৈরি করে জানিয়েছে, এখান থেকে পত্রিকা প্রকাশনার কাজ করা যাবে না।’এদিকে অনলাইন সংস্করণসহ পত্রিকাটির কাজে ব্যবহূত যাবতীয় সরঞ্জাম (হার্ডওয়্যার ও সফটওয়্যার) জব্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। মহানবী (সা.) সম্পর্কে কটূক্তিকারী ব্লগার ও ফেসবুক ব্যবহারকারীদের খুঁজে বের করতে সরকারের গঠিত উচ্চপর্যায়ের কমিটি এসব সরঞ্জাম জব্দ করার সুপারিশ করেছে।ছাপাখানায় পুলিশের তল্লাশির আগে কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইনউদ্দিন খন্দকার প্রথম আলোকে বলেন, অপরাধ সংঘটিত হলে একই আইনে ওই পত্রিকার ছাপা সংস্করণেরও যেকোনো বস্তু বা সরঞ্জাম জব্দ করা যাবে।গ্রেপ্তার: প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, তেজগাঁও অঞ্চলের পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ দল সকাল নয়টার কিছু আগে আমার দেশ পত্রিকার কার্যালয়ের প্রধান ফটক খুলে ভেতরে ঢোকে। তাঁরা মাহমুদুর রহমানকে সাদা রঙের জিপে তুলে ডিবি কার্যালয়ে নিয়ে যান।পত্রিকাটির সাংবাদিক মাহাবুবুর রহমান অভিযোগ করেন, পুলিশ পত্রিকার কার্যালয়ে ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীকে মারধর করেছে। ভেতরে ঢুকেও তারা সংবাদকর্মী ও সম্পাদকের সঙ্গে রূঢ় আচরণ করে। একজন ফটোসাংবাদিক ছবি তুলতে গেলে পুলিশ তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, ক্যামেরা ছিনিয়ে নেয়। তিনি জানান, মাহমুদুর রহমান পরনের লুঙ্গি পাল্টে পাজামা-পাঞ্জাবি পরে পুলিশের সঙ্গে বেরিয়ে যান। পুলিশ সম্পাদকের কক্ষের কম্পিউটার, সিসি ক্যামেরার মনিটর, অন্যান্য যন্ত্রপাতি, সাতটি সিডি ও বেশ কিছু কাগজপত্র জব্দ করে নিয়ে যায়।মাহমুদুর রহমানের ব্যক্তিগত কর্মী নুরে আলম জানান, পুলিশ টেবিল চাপড়ে ধমক দিয়ে সম্পাদকের সঙ্গে কথা বলেন। এ সময় সম্পাদক পুলিশের কাছে পাঁচ মিনিট সময় চাইলেও দেওয়া হয়নি। সম্পাদককে গ্রেপ্তারের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে কার্যালয়ের ভেতরে বিক্ষোভ করেন কর্মীরা।সকাল ১০টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে উপকমিশনার মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, ২০১২ সালের ১৪ ডিসেম্বর স্কাইপ কথোপকথন প্রকাশ করার ঘটনায় উচ্চ আদালতের নির্দেশে তেজগাঁও থানায় একটি মামলা করা হয়। রাষ্ট্রদ্রোহ এবং তথ্যপ্রযুক্তি আইন, ২০০৬-এর ৫৬ ও ৫৭ ধারায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।ডিবির কার্যালয়ে নেওয়ার পর মাহমুদুর রহমানের স্ত্রী, মাসহ স্বজনেরা ডিবির কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। তাঁর মা মাহমুদা বেগম ছেলের মুক্তির দাবি করে কান্নায় ভেঙে পড়েন। ছেলেকে সুস্থ অবস্থায় ফেরত চেয়ে তিনি বলেন, গত ১১ ডিসেম্বর থেকে একটি বারের জন্যও পত্রিকা অফিস থেকে বের হতে পারেননি মাহমুদুর রহমান।সাইবার অপরাধে মামলা: গত বছরের শেষের দিকে ব্রাসেলসভিত্তিক আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান নিজামুল হকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ করে দৈনিক আমার দেশ। ওই ব্যক্তিগত কথোপকথন পত্রিকায় প্রকাশের ঘটনায় গত ১৪ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাহিদুর রহমান তেজগাঁও থানায় মামলা করেন। এতে আসামি করা হয় মাহমুদুর রহমান ও পত্রিকাটির প্রকাশক হাসমত আলীকে।দণ্ডবিধির ১২৪, ১২৪ (এ), ৫০৫ (এ), ১২০ (এ) ও ৫১১ ধারায় ওই মামলা করা হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে সাইবার অপরাধ (আইসিটি) আইনের ৫৬ ও ৫৭ ধারায় অভিযোগ আনা হয়েছে, যাতে ইন্টারনেটের তথ্য ব্যবহার করে উসকানি দেওয়ার কথা বলা হয়েছে।আদালতের কাঠগড়ায়: গতকাল বেলা সোয়া তিনটায় মাহমুদুর রহমানকে ডিবির কার্যালয় থেকে মুখ্য মহানগর হাকিমের আদালতে নেওয়া হয়। এ সময় আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার তাঁর পক্ষে জামিনের আবেদন করতে ওকালতনামায় সই চাইলে মাহমুদুর রহমান বলেন, ‘আমার কোনো আইনজীবী প্রয়োজন নেই। আমিই কথা বলব।’রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আবু আদালতকে বলেন, আসামি মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যাবলি এবং বিচারকে প্রশ্নবিদ্ধ করে নেতিবাচক সংবাদ প্রকাশ করে বিভিন্নভাবে যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা চালাচ্ছেন। আসামি তাঁর পত্রিকায় বিভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশ করে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করছেন। এ ছাড়া বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি, আইনশৃঙ্খলা বিনষ্ট এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত ও দাঙ্গা-হাঙ্গামা করার চেষ্টা করছেন বলে প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত পিপি শাহ আলম তালুকদার, এফ এম রেজাউর রহমান, তাপস কুমার পাল, মাহফুজুর রহমান ও শেখ হেমায়েত উদ্দিন।মাহমুদুর রহমান আদালতকে বলেন, মাননীয় আদালত, রাষ্ট্রপক্ষের পিপি যা বলেছেন, তা মিথ্যা। পিপি বলেন, এ ধরনের কথা বলবেন না। আদালতের ভাষায় কথা বলুন। এ নিয়ে বিএনপিপন্থী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা হইচই শুরু করলে আদালত বলেন, এখানে যাঁরা আছেন, সবাই শিক্ষিত। তাই সবাইকে সেভাবে কথা বলা উচিত।মাহমুদুর রহমান আদালতকে বলেন, ‘মাননীয় আদালত, পত্রিকায় কটূক্তি করা হয়নি। ট্রাইব্যুনালের একজন বিচারপতি ও আইনজীবী জিয়াউদ্দিনের কথোপকথন প্রকাশ করা হয়েছে। আমার পত্রিকার আগে ইংরেজি দৈনিক ইকোনমিস্ট বিষয়টি প্রকাশ করে।’ তিনি বলেন, ‘আমি জানি, এ মামলায় আমাকে জামিন দেওয়া হবে না। ওপরের নির্দেশে রিমান্ড দেওয়া হবে। আমি আইনজীবীকে অনুমতি দিলে তাঁরা বোকার মতো জামিনের আবেদন করবেন। তাই আমি অনুমতি দেইনি।’মাহমুদুর রহমানের পক্ষে শুনানি করতে উপস্থিত ছিলেন আইনজীবী মাসুদ তালুকদার, সানাউল্লাহ মিয়া, গোলাম মোস্তফা খান, খোরশেদ আলম মিয়াসহ শতাধিক আইনজীবী। পরে বিএনপিপন্থী আইনজীবীরা মাহমুদুর রহমানের রিমান্ডের প্রতিবাদে বিক্ষোভ করেন।১৩ দিনের রিমান্ড: তেজগাঁও থানার তিনটি মামলায় মাহমুদুর রহমানকে গতকাল ১৩ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সহিদুল ইসলাম এই আদেশ দেন।তথ্যপ্রযুক্তি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় ১০ দিন, ভাঙচুর, পুলিশকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে করা তেজগাঁও থানার আরও দুটি মামলায় সাত দিন করে ১৪ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত প্রথম মামলায় সাত দিন এবং পরের দুই মামলায় তিন দিন করে ছয় দিন রিমান্ড মঞ্জুর করেন।সরঞ্জাম জব্দ: মহানবী (সা.) ও পবিত্র ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্যসংবলিত প্রতিবেদন অনলাইন সংস্করণে (ইলেকট্রনিক বিন্যাস) প্রকাশ করায় আমার দেশ পত্রিকার অনলাইন সংস্করণের কাজে ব্যবহূত যাবতীয় সরঞ্জাম (হার্ডওয়্যার ও সফটওয়্যার) জব্দ করার সুপারিশ করা হয়েছে। ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্যকারী ব্লগার ও ফেসবুক ব্যবহারকারীদের খুঁজে বের করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের গঠিত উচ্চপর্যায়ের কমিটি ওই সব সরঞ্জাম জব্দ করার সুপারিশ করেছে। কমিটি সূত্রে এ তথ্য পাওয়া গেছে।সুপারিশে ২০০৬ সালের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন এবং দণ্ডবিধি অনুযায়ী, আমার দেশ পত্রিকার মালিক, সম্পাদক ও প্রকাশককে আইনের আওতায় আনার কথা বলা হয়।কমিটির প্রতিবেদনে বলা হয়, আমার দেশ গত ১৮ ফেব্রুয়ারি ‘ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষী ব্লগারচক্র’ শিরোনামে মহান আল্লাহ, মহানবী (সা.), ঈদ, নামাজ ও হজ-সংক্রান্ত একজন ব্লগারের লেখার বরাতে অপমানজনক, অবমাননাকর ও কুরুচিপূর্ণ সংবাদ ছেপেছে।একাধিক ব্লগারের ব্লগে লিখিত মতামতকে হুবহু ছাপিয়ে এবং এ পর্যন্ত ধারাবাহিকভাবে ব্লগের উদ্ধৃতি দিয়ে মহানবী (সা.) ও পবিত্র ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর সংবাদ পরিবেশন করে আসছে পত্রিকাটি। এ ধরনের প্রতিবেদন অনলাইন সংস্করণে বিশ্বব্যাপী প্রকাশ ও সম্প্রচার করা হচ্ছে।কমিটির বৈঠকের একটি কার্যপত্রে বলা হয়, পত্রিকাটির এ ধরনের কার্যকলাপ ২০০৬ সালের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ২০০৬-এর ৫৪ (১) ও ৫৭(১) ধারামতে শাস্তিযোগ্য অপরাধ।তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে এ ধরনের অপরাধের জন্য অনধিক ১০ বছরের কারাদণ্ড এবং অনধিক এক কোটি টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে।মুক্তির দাবিতে সমাবেশ: মাহমুদুর রহমানকে আজ শুক্রবার সকাল ১০টার মধ্যে মুক্তি না দেওয়া হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশ (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ।গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে দুই ইউনিয়ন ও আমার দেশ-এর উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আ ফ ম ইউসুফ হায়দার, সদরুল আমিন, সাংবাদিক নেতা শওকত মাহমুদ প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল প্রেসক্লাবের আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।