মাহমুদুর রহমান ২ মামলায় আট দিনের রিমান্ডে
প্রকাশনা বন্ধ করে দেওয়া আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে পৃথক দুটি মামলায় চার দিন করে আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হিযবুত তাহরীরের শীর্ষ নেতাদের সঙ্গে মাহমুদুর রহমানের যোগাযোগ আছে, এমন তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাই হিযবুত তাহরীরের শীর্ষ নেতাদের বিরুদ্ধে উত্তরা মডেল থানায় দায়ের করা একটি মামলায় মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক মো. নুরুল আমিন। পরে মহানগর হাকিম ইসমাইল হোসেন চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।অন্যদিকে গতকাল রাতে মাহমুদুর রহমানের বিরুদ্ধে ‘উত্তরা ষড়যন্ত্র’-এর ঘটনায় বিমানবন্দর থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে ওই থানা পুলিশ। এর পরিপ্রেক্ষিতে একই আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। হিযবুত তাহরীরের শীর্ষ নেতাদের বিরুদ্ধে উত্তরা মডেল থানার উপপরিদর্শক আরমান আলী গত ১৯ এপ্রিল মামলাটি দায়ের করেন।আর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুদ্দিন সালেহ আহমেদ চৌধুরীর দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় মাহমুদুর রহমান, পুলিশের সাবেক আইজি আবদুল কাইয়ুম, বিয়ামের সাবেক মহাপরিচালক শহিদুল আলম, তত্কালীন যুগ্ম সচিব আবদুস সবুরসহ ১৬ জনকে আসামি করা হয়।আদালতে মাহমুদুর বলেন, তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলোর নির্দিষ্ট কোনো তথ্য-প্রমাণ নেই। তিনি পরিবারের উদ্দেশে বলেন, এ সরকারের আমলে হয়ত জীবিত ফেরা হবে না।