মাহমুদুর রহমানকে আরেক মামলায় গ্রেপ্তার, রিমান্ডের শুনানি কাল
পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে কোতোয়ালি থানায় দায়ের করা একটি মামলায় সম্প্রতি বন্ধ করে দেওয়া আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে আজ রোববার গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় তাঁকে সাত দিনের রিমান্ডে নিতে পুলিশ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন জানান। বিচারক কাল সোমবার শুনানির দিন ধার্য করেছেন।কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন ওই থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহজাহান মিয়া।প্রসঙ্গত, গত বুধবার ভোর চারটার দিকে কারওয়ান বাজারে আমার দেশ পত্রিকার কার্যালয় থেকে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এর আগের দিন মঙ্গলবার রাত ১০টার দিকে ‘প্রেস অ্যান্ড পাবলিকেশন অ্যাক্টের’ ৭ ধারা অনুযায়ী পত্রিকাটির প্রকাশনা (ডিক্লারেশন) বাতিল করা হয়।গ্রেপ্তারের সময় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মাহমুদুর রহমানের বিরুদ্ধে পুলিশের করা মামলায় তাঁকে জামিন না দিয়ে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়। আর ওই পত্রিকার প্রকাশক হাসমত আলীর মামলায় তিনি জামিন পান।