মাহমুদুর রহমানকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশের করা মামলায় সদ্য বন্ধ করে দেওয়া আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে জামিন না দিয়ে আগামী তিন দিনের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার মহানগর হাকিম নজরুল ইসলাম এ নির্দেশ দেন। মাহমুদুর রহমানকে বিকেলে আদালতে নিয়ে আসা হয়। এই মামলায় তাঁকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নিয়ে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। একইসঙ্গে আদালত মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা ওই পত্রিকার প্রকাশক হাসমত আলীর মামলায় জামিন পান। ২০ হাজার টাকা মুচলেকায় তাঁকে জামিন দেওয়া হয়। মাহমুদুর রহমানের পক্ষে সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদারসহ শতাধিক আইনজীবী শুনানিতে অংশ নেন। আজ ভোর চারটার দিকে কারওয়ান বাজারে আমার দেশ পত্রিকার কার্যালয় থেকে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ‘প্রেস অ্যান্ড পাবলিকেশন অ্যাক্টের’ ৭ ধারা অনুযায়ী পত্রিকাটির প্রকাশনা (ডিক্লারেশন) বাতিল করা হয়।প্রকাশনা বাতিল হওয়ার পরপরই পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ কারওয়ান বাজারে আমার দেশ পত্রিকার কার্যালয়ে অভিযান চালায়। কিন্তু পত্রিকার সংবাদকর্মীরা তাঁদের সম্পাদককে গ্রেপ্তারে পুলিশকে বাধা দেন। রাত দুইটা পর্যন্ত কয়েক দফা পুলিশের সংখ্যা বাড়ানো হলেও কর্মীদের অনড় অবস্থানের কারণে পুলিশ ভেতরে ঢুকতে পারেনি। এর আগে আমার দেশ পত্রিকার কর্মীরা এর কার্যালয়ে ওঠার লিফট বন্ধ করে দেন। অবশেষে ভোর চারটার দিকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।মাহমুদুর রহমান ২০০৮ সালে আমার দেশ পত্রিকার ব্যবস্থাপনার দায়িত্ব নেন। ওই সময় থেকেই তিনি পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।