মাহমুদুর রহমানকে নির্যাতন করা হয়নি: পুলিশ কমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর কোনো নির্যাতন করা হয়নি বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক।আজ রাজারবাগ পুলিশ লাইন মিলনায়তনে পুলিশের মাসিক অপরাধবিষয়ক পর্যালোচনা সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কে এম শহীদুল হক বলেন, মাহমুদুর রহমান একজন বিশিষ্ট ব্যক্তি। তাঁর ওপর কোনো ধরনের অত্যাচার ও নির্যাতন করা হচ্ছে না। যাঁরা এ অভিযোগ করছেন, তাঁরা অতীতে এ ধরনের ঘটনা দেখেছেন বা শুনেছেন, সেই ধারণা থেকে মনগড়া কথা প্রচার করছেন। আইনের বাইরে পুলিশ এক কদমও যাবে না। হাইকোর্টের নির্দেশনার প্রয়োজন নেই। পুলিশ এমনিতেই তাঁকে নির্যাতন করবে না।উল্লেখ্য, মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে হাইকোর্টের আদেশ আপিল বিভাগে বহাল রয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে হাইকোর্ট বলেছিলেন, এর আগের দেওয়া আদালতের নির্দেশনা অনুসরণ করতে। এর বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে সরকারপক্ষের করা আবেদনের ওপর আজ কোনো আদেশ দেননি আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এস কে সিনহা। তবে সরকারপক্ষকে নিয়মিত লিভ টু আপিল দায়ের করতে বলা হয়েছে।মাহমুদুর রহমানের কৌঁসুলি আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, হাইকোর্ট জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে এর আগে সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশনা অনুসরণ করতে নির্দেশ দেন। হাইকোর্টের ওই আদেশে আজ আপিল বিভাগ কোনো আদেশ দেননি। ফলে হাইকোর্টের আদেশই বহাল থাকছে। সুপ্রিম কোর্টের ওই নির্দেশনার বিষয়ে তিনি বলেন, রিমান্ডে নিয়ে নির্যাতন করা যাবে না এবং জিজ্ঞাসাবাদের আগে ও পরে সংশ্লিষ্ট ব্যক্তির স্বাস্থ্যপরীক্ষা করতে হবে।