সম্প্রতি বন্ধ করে দেওয়া আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে আদালত অবমাননার একটি মামলায় আগামী বৃহস্পতিবার আপিল বিভাগে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগই এ নির্দেশ দিয়েছেন। ওই দিনই এ ব্যাপারে শুনানি হবে। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। আজ মাহমুদুর রহমানের আইনজীবী আবদুর রাজ্জাক তাঁর সঙ্গে দেখা করার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। আপিল বিভাগ গত ২ জুন আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও প্রকাশক হাশমত আলীসহ পাঁচজনকে আজ ব্যক্তিগতভাবে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। অন্যরা হলেন উপসম্পাদক আবদাল আহমেদ, বার্তা সম্পাদক মুস্তাহিদ ফারুকী ও সংশ্লিষ্ট প্রতিবেদক অলিউল্লাহ নোমান। আজ মাহমুদুর রহমান ছাড়া বাকিরা আদালতে হাজির হন। গত ২১ এপ্রিল আমার দেশ পত্রিকায় ‘চেম্বার মানেই সরকার পক্ষে স্টে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি আদালত অবমানার শামিল—এমন অভিযোগ এনে গত মে মাসের প্রথম সপ্তাহে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রিয়াজউদ্দিন খান ও কাজী মাইনুল হাসান পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন।