মাহমুদুর রহমানকে হত্যার ষড়যন্ত্র চলছে: সেলিম ভূঁইয়া
দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে হত্যার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ অভিযোগ করেন। মাহমুদুর রহমানের মুক্তি, নির্যাতন বন্ধ ও ‘আমার দেশ’ পত্রিকার ছাপাখানা খুলে দেওয়ার দাবিতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।সেলিম ভূঁইয়া বলেন, ‘তিন দফা দাবিতে মাহমুদুর রহমান কারাগারে অনশন করছেন। কিন্তু সরকার তাঁর অনশনে কান না দিয়ে উল্টো মানসিক নির্যাতনের মাধ্যমে তাঁকে হত্যার ষড়যন্ত্র করছে।’বর্তমান সরকারকে ইসলামবিরোধী উল্লেখ করে সেলিম ভূঁইয়া বলেন, ‘সরকার মুখে ইসলামের কথা বলছে আর অন্তরে নাস্তিকবাদ লালন করছে। তাঁরা নাস্তিকদের বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে। আর মাহমুদুর রহমান ইসলামের পক্ষে কথায় বলায়, নাস্তিকদের বিপক্ষ নেওয়ায় তাঁকে গ্রেপ্তার করে নির্যাতন চালানো হচ্ছে।’শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতিমণ্ডলীর সদস্য তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শামসুল আলম সেলিম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।মাহমুদুরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে: রফিকুল ইসলামবিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেছেন, স্কাইপ কেলেঙ্কারি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি নিজামুল হক পদত্যাগ করেন। তাঁর বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা উচিত ছিল। কিন্তু সরকার তা না করে স্কাইপের তথ্য প্রকাশের কারণে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে ইসলাম অবমাননাকারী ব্লগারদের গ্রেপ্তার না করে ইসলামের পক্ষে অবস্থান নেওয়ায় মাহমুদুর রহমানকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে সরকার। এই সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলে মাহমুদুর রহমানকে মুক্ত করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।দুপুরে মাহমুদুর রহমানসহ সব রাজবন্দীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং তাঁদের নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী অনশন কর্মসূচি পালন করে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। সেখানেই প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ইউট্যাবের সভাপতি আ ফ ম ইউসুফ হায়দার। বক্তব্য দেন তাহমিনা আক্তার, এ বি সিরাজুল ইসলাম, লুত্ফর রহমান, ইয়ারুল কবির, মেজবাহ উদ্দিন প্রমুখ।