মাহমুদুর রহমানকে ৫ জুলাই উচ্চ আদালতে হাজিরের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকাশনা বাতিল হওয়া দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচজনকে তলব করেছেন আপিল বিভাগ। আদালত অবমাননার অভিযোগে ৫ জুলাই তাঁদেরকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা আদালত অবমাননার মামলার পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ এ আদেশ দেন। পাশাপাশি আদালত অবমাননার অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এর আগে গত ২১ এপ্রিল ‘চেম্বার জজ মানেই সরকার পক্ষে স্টে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে আমার দেশ। এ ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবী রিয়াজউদ্দিন খান ও মাইনুল হাসান আপিল বিভাগে মামলা করেন। মামলার অপর আসামিরা হলেন—পত্রিকার প্রকাশক হাসমত আলী, উপসম্পাদক আফজাল আহমেদ, বার্তা সম্পাদক মুত্তাহিদ ফারুকী ও সংশ্লিষ্ট প্রতিবেদক অলিউল্লাহ নোমান।আবেদনটির পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। তিনি বলেন, ২১ এপ্রিল প্রকাশিত সংবাদের মাধ্যমে আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। জনগণের সামনে আদালতকে হেয় করা হয়েছে, যা আদালত অবমাননার সামিল। আদালত পাঁচজনকে ৫ জুলাই হাজির হতে বলেছেন। এ সময়ের মধ্যে তাঁদেরকে রুলের জবাবও দিতে বলা হয়েছে।