মাহমুদুর রহমানসহ অন্যদের হাজিরের আদেশ স্থগিত
আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ অন্যদের হাজির হওয়ার আদেশ স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। মাহমুদুর রহমানসহ অন্যদের পৃথক আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা এ আদেশ দেন।তাঁদের ব্যক্তিগত হাজির হওয়ার আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।১৭ জুন আমার দেশ পত্রিকায় ‘বিচারপতি শামসুদ্দিন মানিককে নিয়ে স্পিকারের রুলিংয়ের ভাগ্য অনিশ্চিত’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এটি আদালতের নজরে এলে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও পত্রিকাটির সংসদ প্রতিবেদকের প্রতি আদালত অবমাননার রুল জারি করেন। আগামী ১২ জুলাই তাঁদের আদালতে হাজির হয়ে এ ব্যাপারে ব্যাখ্যা দিতে বলা হয়।ওই দিন পত্রিকাটিতে আরেকটি প্রতিবেদন প্রকাশিত হয়। এটি আদালতের নজরে এলে পরের দিন মাহমুদুর রহমানসহ ২২ জনকে ১৮ জুলাই হাজির হতে বলেন এবং আদালত অবমাননার রুল জারি করেন।ব্যক্তিগত হাজির হওয়ার আদেশ স্থগিত চেয়ে পৃথক দুটি আবেদনের ওপর চেম্বার বিচারপতির আদালতে আজ শুনানি হয়। আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান ও জয়নুল আবেদীন।পরে জয়নুল আবেদীন প্রথম আলো ডটকমকে বলেন, মাহমুদুর রহমানসহ অন্যদের ব্যক্তিগতভাবে হাজির হওয়ার আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। তাই তাঁদের আদালতে হাজির হতে হচ্ছে না।