মাহমুদুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে মানহানির মামলা খারিজ
আদালত আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন। মামলার বাদী বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর মালেক মামলাটি করে পরপর তিনটি ধার্য তারিখে হাজির না হওয়ায় আদালত আজ বুধবার মামলাটি খারিজ করে দেন।মহানগর হাকিম এস কে এম তোফায়েল হাসান এ আদেশ দেন। ২০০৯ সালে ৩০ ডিসেম্বর মাহমুদুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করা হয়। অন্য দুজন হলেন পত্রিকার প্রকাশক হাশমত আলী ও বিশেষ প্রতিনিধি এম আবদুল্লাহ।মামলায় অভিযোগ করা হয়, ২০০৯ সালে ১৭ ডিসেম্বর দৈনিক আমার দেশ একটি সংবাদ প্রকাশ করে। তাতে মার্কিন তেল কোম্পানি শেভরনের কাছ থেকে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী ৪৫ কোটি টাকা ঘুষ নিয়েছে বলে উল্লেখ করা হয়। যার ফলে এ ধরনের সংবাদ প্রকাশ করায় ওই দুজনের মানহানি ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।