মাহমুদুর রহমানসহ ১৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
সম্প্রতি বন্ধ করে দেওয়া আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে ‘উত্তরা ষড়যন্ত্র’-এর ঘটনায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। গতকাল রাতে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছুদ্দিন সালেহ আহমেদ চৌধুরী বাদী হয়ে এ মামলা করেন। এতে মাহমুদুর রহমান, পুলিশের সাবেক আইজি আবদুল কাইয়ুম, বিয়ামের সাবেক মহাপরিচালক শহিদুল আলম, তৎকালীন যুগ্ম সচিব আবদুস সবুরসহ ১৬ জনকে আসামি করা হয়।২০০৭ সালের ২২ জানুয়ারির বাতিল হওয়া নির্বাচন সামনে রেখে ২০০৬ সালের ২৪ নভেম্বর রাতে উত্তরায় মাহমুদুর রহমানের ব্যবসায়িক প্রতিষ্ঠান আর্টিসান সিরামিকে পুলিশসহ জনপ্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা গোপন বৈঠক করেন। খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা সেখানে গেলে বৈঠকে যোগ দেওয়া অনেক কর্মকর্তা মুখ ঢেকে ও দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ দৃশ্য ওই রাতে বেসরকারি কয়েকটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত এবং পরদিন বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়।তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের কৃষিসচিব আবদুল আজিজের (বর্তমানে মন্ত্রিপরিষদের সচিব) নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। কমিটির তদন্তে ১৩ জনকে দায়ী করে বলা হয়, উপস্থিত সরকারি কর্মকর্তারা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণের দায়ে অভিযুক্ত। তৎকালীন উপদেষ্টা পরিষদের সভায়ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে দীর্ঘদিন এ ব্যাপারে সরকার প্রায় নীরব ছিল। গতকাল সরকারের উচ্চপর্যায় থেকে সিদ্ধান্ত পাওয়ার পর রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়।গতকাল পৃথক দুটি মামলায় মাহমুদুর রহমানকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া উত্তরা থানায় দায়ের করা আরেকটি মামলায় ১০ দিনের রিমান্ড আবেদনের আজ শুনানি হবে। এ নিয়ে পাঁচটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হলো। গত বুধবার আমার দেশ-এর কার্যালয় থেকে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল।পুলিশের কর্তব্য পালনে বাধা ও মারধরের অভিযোগে তেজগাঁও থানায় দায়ের করা মামলায় গতকাল মাহমুদুর রহমানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। মহানগর হাকিম মেহেদি হাসান তালুকদার মামলার শুনানিকালে বিব্রত বোধ করেন। পরে ঢাকার মুখ্য মহানগর হাকিম এ কে এম এনামুল হক মামলাটি অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী হোসাইনের আদালতে পাঠান। বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে একই অভিযোগে দায়ের করা কোতোয়ালি থানার মামলায় সাত দিনের রিমান্ডের আবেদন করা হলে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাবিবুর রহমান ভূঁইয়া এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। উত্তরা থানায় দায়ের করা হিযবুত তাহ্রীরের মামলায় মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়।এদিকে মাহমুদুর রহমানকে রিমান্ডে নেওয়ার আদেশের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সাংবাদিক নেতারা প্রেসক্লাব প্রাঙ্গণে জড়ো হয়ে প্রতিবাদ সমাবেশ করেন। প্রতিবাদ সমাবেশে তাঁরা অবিলম্বে আমার দেশ-এর ওপর থেকে সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের রিমান্ড বাতিল ও তাঁর মুক্তির দাবি জানান।রিমান্ড শুনানিতে হাকিম বিব্রত: গতকাল বেলা দুইটার দিকে মাহমুদুর রহমানকে মহানগর হাকিম মেহেদি হাসান তালুকদারের আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানির একপর্যায়ে আইনজীবীরা হইচই শুরু করলে শুনানি মুলতবি করে হাকিম এজলাস ত্যাগ করেন। প্রায় ২০ মিনিট পর সিএমএম এ কে এম এনামুল হককে সঙ্গে নিয়ে হাকিম মেহেদি হাসান এজলাসে ওঠেন।সিএমএম আইনজীবীদের বলেন, ‘আমি আদালতের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসেছি। সংশ্লিষ্ট বিচারকই আবেদনের ওপর আদেশ দেবেন।’পরে শুনানি শুরু হলে সরকারপক্ষ ও আসামিপক্ষের মধ্যে দফায় দফায় তর্কবিতর্ক হয়। এ সময় মাহমুদুর রহমান কথা বলতে চাইলে হাকিম তাঁকে থামিয়ে দেন। এ নিয়ে আইনজীবীরা আবার হইচই শুরু করেন। বিচারক শান্ত থাকার কথা বললে তাঁরা আরও উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে বিচারককে লক্ষ্য করে মুঠোফোনের কাভারও ছোড়া হয়।ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সানাউল্লাহ মিয়া এ সময় পক্ষপাতিত্বের অভিযোগ আনলে হাকিম বিব্রত বোধ করে এজলাস ত্যাগ করেন।রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নেন আবদুল্লাহ আবু, খন্দকার আবদুল মান্নান, শাহ আলম তালুকদার, কাজী নজিবুল্লাহ প্রমুখ। আসামিপক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, আবদুর রাজ্জাক, সানাউল্লাহ মিয়া, মহসীন মিয়া, মাসুদ আহমেদ তালুকদারসহ শতাধিক আইনজীবী। হাইকোর্টে রিট: আমার দেশ-এর প্রকাশনা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়েছে। গতকাল সোমবার আমার দেশ লিমিটেডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার-উর-নবী বাদী হয়ে রিটটি দায়ের করেন।মামলার অন্য আসামিরা হলেন বিয়ামের তৎকালীন মহাপরিচালক শহীদুল আলম, পুলিশের মহাপরিদর্শক আবদুল কাইয়ুম, ঢাকা সিটি করপোরেশনের সচিব মজিবর রহমান, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম জাহাঙ্গীর, সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান তরফদার, ঢাকা সিটি করপোরেশনের পরিবহন শাখার জিএম জাকির হোসেন কামাল, জাতীয় পুষ্টি প্রকল্পের নির্বাহী পরিচালক আবদুল বারী, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব আবদুস সবুর, ঢাকার উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দীন নাগরি, সংস্থাপন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব আবদুল মতিন, স্থানীয় সরকার বিভাগের উপসচিব জাকিরুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং বিভাগের ইন্সপেকশন অব ফ্যাক্টরির ইন্সপেক্টর প্রকৌশলী সোহেল মাহমুদ ইকবাল, ঢাকার অতিরিক্ত কর কমিশনার সাজ্জাদ হোসেন ভূঁইয়া, ঢাকার অতিরিক্ত কর কমিশনার কাজী ইমদাদুল হক ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শরফুদ্দীন আহমেদ চৌধুরী।