মাহমুদুর রহমানসহ ৫ জনের পরবর্তী শুনানি ১৬ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননার মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার অর্থাৎ ১৬ আগস্ট।প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ আজ বৃহস্পতিবার শুনানির এই ক্ষণ নির্ধারণ করেন।পাঁচজনের মধ্যে মাহমুদুর রহমান ছাড়া বাকি চারজন আজ আদালতে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেন।এ চারজন হলেন—পত্রিকাটির প্রকাশক হাশমত আলী, উপসম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বার্তা সম্পাদক মুজতাহিদ ফারুকী এবং বিশেষ প্রতিবেদক অলিউল্লাহ নোমান।বেলা একটায় শুনানি শুরু হয়। আসামিদের পক্ষে আইনজীবী রফিক-উল হক আদালতকে ওই চারজনের নিঃশর্ত ক্ষমার আবেদনের বিষয়টি এবং মাহমুদুর রহমানের রুলের জবাব দেওয়ার বিষয়টি জানান। এ সময় আদালত কক্ষে আসামিরা দাঁড়িয়ে ছিলেন।শুনানির একপর্যায়ে আদালতের নির্দেশে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান আমার দেশের ‘চেম্বার মানেই সরকার পক্ষে স্টে’ শিরোনামের প্রতিবেদনটি পাঠ করেন। এরপর আদালত আগামী সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এর আগে সকাল নয়টা ৫৭ মিনিটে মাহমুদুর রহমানকে প্রধান বিচারপতির এক নম্বর কক্ষে আনা হয়। এম কে রহমান প্রথম আলোকে বলেন, চারজন নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। মাহমুদুর রহমান রুলের জবাব (কনটেস্ট করবেন) দেবেন। এ বিষয়ে সোমবার শুনানি হবে। ওই দিন পাঁচজনকে আদালতে হাজির হতে হবে বলে তিনি জানান।গত ২১ এপ্রিল দৈনিক আমার দেশে ‘চেম্বার মানেই সরকার পক্ষে স্টে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি আদালত অবমাননার শামিল দাবি করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রিয়াজউদ্দিন খান ও কাজী মাইনুল হাসান মে মাসের প্রথম সপ্তাহে মাহমুদুর রহমানসহ ওই পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন। গত ২ জুন তাঁদেরকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ওই দিন ভোররাতেই মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।