মাহমুদুর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে করা আদালত অবমাননার মামলার শুনানি মুলতবি করা হয়েছে। মাহমুদুর রহমান আজ বুধবার শারীরিক অসুস্থতার কথা জানিয়ে শুনানি মুলতবির আবেদন জানান। এ পর্যায়ে প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি মুলতবি করেন। কাল আবার শুনানি অনুষ্ঠিত হবে।আজ সকালে মাহমুদুর রহমান নিজেই আদালতে দাঁড়িয়ে বক্তব্য দেন। তিনি বলেন, প্রতিবেদক যখন প্রতিবেদন তৈরি করে তখন প্রতিবেদনের সহায়ক তথ্যের (সাপোর্টিং ডকুমেন্টস) যৌক্তিকতা যাচাই করা সম্পাদকের কাজ।প্রতিবেদনটি জনশ্রুতির ভিত্তিতে তৈরি করা হয়নি। প্রতিবেদনে যা ছিল তার সবই ছিল ঘটনাবহুল তথ্য। এখানে আদালত অবমাননা হয়েছে বলার সুযোগ নেই।এ পর্যায়ে আদালত বলেন, আদালত অবমাননা একটি স্পর্শকাতর বিষয়। প্রতিবেদনের সত্য মিথ্যা-যাচাই নয়, প্রতিবেদনটি আদালত অবমাননাকর কি না, সেটিই বিবেচ্য বিষয়।একপর্যায়ে মাহমুদুর রহমান অসুস্থ হয়ে পড়লে বিচারপতিরা শুনানি সাময়িক মুলতবি করে এজলাস ত্যাগ করেন। পরে ১২টায় এজলাস শুরু হলে মাহমুদুর রহমান শারীরিক অসুস্থতার কথা জানিয়ে শুনানি মুলতবির আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।জানা যায়, গত ২১ এপ্রিল আমার দেশে ‘চেম্বার মানেই সরকার পক্ষে স্টে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এটি আদালত অবমাননার শামিল দাবি করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রিয়াজউদ্দিন খান ও কাজী মাইনুল হাসান মে মাসের প্রথম সপ্তাহে মাহমুদুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাটি করেন। এর পরিপ্রেক্ষিতে ২ জুন আপিল বিভাগ তাঁদের আদালতে হাজির হতে নির্দেশ দেন। পাশাপাশি রুলও জারি করেন, তবে ওই দিন ভোররাতে মাহমুদুর রহমান গ্রেপ্তার হন।