মাহমুদুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় পরবর্তী শুনানি ১১ অক্টোবর
আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও প্রকাশক হাসমত আলীর বিরুদ্ধে করা আদালত অবমাননার রুলের ওপর আগামী ১১ অক্টোবর শুনানি হবে। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ মাহমুদুর রহমানের সময় চেয়ে করা আবেদনের প্ররিপ্রেক্ষিতে এ দিন ধার্য করেন। এর আগে সকাল নয়টার দিকে মাহমুদুর রহমানকে ঢাকা কেন্দ্রীয় কারাগার আদালতে হাজির করা হয়। শুনানির শুরুতে হাসমত আলীর কৌঁসুলি রফিকুল ইসলাম নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে আবেদন করেন। এরপর মাহমুদুর রহমান নিজেই দাঁড়িয়ে বলেন, এ মামলায় আমার বিরুদ্ধে যে রুল জারি করা হয়েছে, সে সংক্রান্ত কোনো কাগজপত্র পাইনি। কাগজ পাওয়ার পর রুলের জবাব দেওয়া প্রয়োজন।এ পর্যায়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, তাঁর আইনজীবীদের কাগজপত্র দেওয়া হয়েছে। এ সময় মাহমুদুর রহমান জানান, তাঁর পক্ষে কোনো আইনজীবী নিয়োগ করা হয়নি। এরপর হাশমত আলীর আইনজীবী দাঁড়ালে আদালত বলেন, এ মামলার কার্যক্রম চলার সময় অনেকে নানা ধরনের মন্তব্য করেছেন। আগে বিচারাধীন বিষয় নিয়ে কেউ কথা বলত না। আদালত বলেন, একটা কিছু লিখে ক্ষমা চাইলেই হলো! আদালতকে তামাশা বলা হচ্ছে, কোনো দেশে এমন বলা হয় না। ‘সুপ্রিম কোর্ট মানুষের শেষ আশ্রয়স্থল, এ নিয়ে একটি কমেন্ট (মন্তব্য) লিখে দিলাম আর হয়ে গেল?’বেলা ১০টার দিকে আদালত আগামী ১১ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করে আজকের শুনানি শেষ করেন।‘স্বাধীন বিচারের নামে তামাশা’ শিরোনামে গত ১০ মে আমার দেশ-এ মাহমুদুর রহমান একটি নিবন্ধ লেখেন। এটি তুলে ধরে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রিয়াজউদ্দিন খান ও কাজী মাইনুল হাসান গত ১৭ আগস্ট পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে একটি আবেদন করেন। আদালত ওই দিনই মাহমুদুর রহমান ও হাসমত আলীর বিরুদ্ধে রুল জারি করেন। এর আগে ‘চেম্বার মানেই সরকার পক্ষে স্টে’ শিরোনামে আমার দেশ-এ প্রকাশিত প্রতিবেদন নিয়ে আদালত অবমাননার মামলায় গত ১৯ আগস্ট পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রকাশক হাসমত আলীকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।