মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের আদালত অবমাননা মামলার পরবর্তী শুনানি ১২ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননার অভিযোগে প্রকাশনা বাতিল হওয়া দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে আজ বৃহস্পতিবার আপিল বিভাগে হাজির করা হয়েছে। সকাল নয়টা পাঁচ মিনিটে পুলিশের তত্ত্বাবধানে প্রিজন ভ্যানে করে তাঁকে হাজির করা হয়। মাহমুদুরের আইনজীবী রফিক-উল হক এ মামলায় মাহমুদুরসহ পাঁচজনের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চাইলে আদালত এ বিষয়ে আগামী ১২ আগস্ট পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন।সকাল নয়টা ১৭ মিনিটে আদালত বসেন।অন্য চার আসামি হলেন পত্রিকার প্রকাশক হাশমত আলী, উপসম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বার্তা সম্পাদক মুস্তাহিদ ফারুকী ও সংশ্লিষ্ট প্রতিবেদক অলিউল্লাহ নোমান । নয়টা ২০ মিনিটে শুনানিতে অংশ নিয়ে মাহমুদুর রহমানের কৌঁসুলি রফিক-উল হক বলেন, পাঁচজনের প্রতি আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। এর মধ্যে চারজন নিশর্ত ক্ষমা চাইবেন। তবে মাহমুদুর রহমান রুলের জবাব দেবেন। এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্তি অ্যাটর্নি জেনারেল এম কে রহমান এ বিষয়ে আবেদন করা হয়েছে কি না জানতে চাইলে রফিক-উল হক এ জন্য আদালতের কাছে চার সপ্তাহ সময় চান এবং আসামিদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চান। এ সময় আদালতে পাঁচ আসামি দাঁড়িয়ে ছিলেন।প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়। নয়টা ৩৫ মিনিটে আদালত থেকে বের হয়ে মাহমুদুর সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতির কক্ষে আইনজীবীদের সঙ্গে আলোচনা ও পরামর্শ করেন।পরে ১০টা ১০ মিনিটে তাঁকে প্রিজন ভ্যানে করে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।আদালত অবমাননার অভিযোগে করা মামলায় গত ২ জুন আপিল বিভাগ মাহমুদুর রহমানসহ পাঁচজনকে ৫ জুলাই আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ওই দিন ভোরেই মাহমুদুর রহমান গ্রেপ্তার হন।জানা যায়, গত ২১ এপ্রিল আমার দেশে ‘চেম্বার মানেই সরকার পক্ষে স্টে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন আদালত অবমাননার সামিল দাবি করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রিয়াজউদ্দিন খান ও কাজী মাইনুল হাসান মে মাসের প্রথম সপ্তাহে মাহমুদুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাটি করেন।