মাহমুদুর রহমানের বিরুদ্ধে পাঁচ মামলা
প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্ররোচনা দিয়ে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি এবং হামলা-ভাঙচুরের অভিযোগে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে শাহবাগে চারটি ও রমনা থানায় একটি মামলা হয়েছে। গত শুক্রবার রাতে পাঁচ পুলিশ কর্মকর্তা বাদী হয়ে এসব মামলা করেন।মামলার পর গতকাল সন্ধ্যায় পত্রিকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান দাবি করেন, শাহবাগে তরুণ প্রজন্মের সমাবেশকে গণমাধ্যম ফুলিয়ে-ফাঁপিয়ে প্রচার করেছে।মামলার এজাহারে বলা হয়, মাহমুদুর রহমান ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে শুক্রবার দুপুরে রাজধানীর মৎস্য ভবন মোড়, জাতীয় প্রেসক্লাব, কাঁটাবন, বঙ্গবাজার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনে সহিংস ঘটনা ঘটাতে সহায়তা করেছেন। হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র ও বোমা-ককটেল ব্যবহার করা হয়েছে। হামলাকারীরা সরকারি কাজে বাধা দিয়েছে ও লুটপাট করেছে।পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার এস এম শিবলী নোমান মামলা হওয়ার বিষয় নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, পাঁচটি মামলাতেই মাহমুদুর রহমান এবং জামায়াতে ইসলামী ও ধর্মভিত্তিক ১২টি দলের শীর্ষ নেতাসহ অজ্ঞাতনামা সাড়ে ছয় হাজার লোককে আসামি করা হয়েছে।এসব মামলায় আসামির তালিকায় আছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর জামায়াতের নায়েবে আমির সাংসদ হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি শফিকুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি দেলাওয়ার হোসেন সাঈদী, সেক্রেটারি মুহাম্মদ আবদুল জব্বার, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মোহাম্মদ ইসহাক, সেক্রেটারি আহম্মদ আবদুল কাদের, জমিয়তে উলামায়ে ইসলামের শায়খ আবদুল মমিনসহ শীর্ষস্থানীয় অন্য নেতা-কর্মীরা।মামলার বিবরণে বলা হয়, যুদ্ধাপরাধীদের রক্ষায়আমার দেশ ও নয়া দিগন্ত পত্রিকায় ধর্মীয় উন্মাদনা সৃষ্টি এবং তরুণ প্রজন্ম ও গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে উসকানিমূলক লেখা ছাপিয়ে আসামিদের প্র্ররোচিত করেছে। এরপর এজাহারভুক্ত আসামিরা রাজধানীর বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়েছেন। তাঁরা রাস্তায় ভাঙচুর-অগ্নিসংযোগ ও বোমাবাজি করে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছেন। পুলিশ বাধা দিলে জামায়াত-শিবির ও অন্যান্য দলের কর্মীরা লাঠিসোঁটা, চাকু ও অস্ত্র নিয়ে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়েন।সংবাদ সম্মেলন: সন্ধ্যায় সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান বলেন, ‘আমি যা বলব, তা আপনারা অবিকৃত ছাপবেন কি না বা ছাপার স্বাধীনতা রাখেন কি না, এ বিষয়ে আমার সন্দেহ আছে।’ শাহবাগের সমাবেশকে ফ্যাসিবাদী উল্লেখ করে তিনি বলেন, এর বিরুদ্ধে আমার দেশ-এর সম্পাদকীয় অবস্থান অব্যাহত থাকবে। মাহমুদুর রহমান বলেন, ‘উল্লেখ করার মতো নয়, শাহবাগের এমন একটি সমাবেশকে গণমাধ্যম বেলুনের মতো ফুলিয়ে-ফাঁপিয়ে প্রচার করেছে। সব গণমাধ্যম সমর্থন করেছে। তারা সেখানে গণজাগরণ দেখেছে। মিডিয়া শাহবাগে কী দেখাতে চায়? অথচ দু-একটি মিডিয়ার সমালোচনা সহ্য করতে পারেনি। টক শোতে বড় বড় সম্পাদক বলেছেন, কেন আমাকে এখনো গ্রেপ্তার করা হয়নি।’মাহমুদুর রহমান বলেন, ‘নাস্তিক ব্লগারদের অশ্লীলতার সীমা নেই। এরা যদি তরুণ প্রজন্ম হয়, তবে এ দেশের ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত।’ তিনি বলেন, সরকার এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিয়েছে। এর দায় প্রধানমন্ত্রীকে বহন করতে হবে। আদালত কথায় কথায় রুল জারি করেন। সুরঞ্জিত সেনগুপ্ত, সাজেদা চৌধুরীকে পর্যন্ত মাফ চাইতে হয়েছে। শাহবাগের ব্লগাররা কি এর ঊর্ধ্বে? এটা কি গণমাধ্যমের চোখে পড়ে না?সংবাদ সম্মেলন ডাকলেও সাংবাদিকদের প্রশ্ন করার তেমন সুযোগ দেননি মাহমুদুর রহমান।