মাহমুদুর রহমানের ১০০ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননার দায়ে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে এক দিনের কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ। গতকাল সোমবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ রায় দেন। নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় পত্রিকাটির বিদায়ী প্রকাশক হাসমত আলীকে অব্যাহতি দিয়েছেন আদালত।আদেশে আদালত বলেন, মাহমুদুর রহমানের লেখা নিবন্ধটি কুৎসামূলক ও আদালত অবমাননাকর। আমরা তাঁকে আদালত অবমাননায় দোষী সাব্যস্ত করছি। তবে বিষয়টি নমনীয়ভাবে দেখছি। তাই ১০০ টাকা জরিমানা, অনাদায়ে এক দিনের কারাদণ্ড দেওয়া হলো।গত ১০ মে আমার দেশ-এ ‘স্বাধীন বিচারের নামে তামাশা’ শিরোনামে একটি নিবন্ধ প্রকাশিত হয়। এ ঘটনায় সুপ্রিম কোর্টের দুজন আইনজীবী আপিল বিভাগে আদালত অবমাননার আবেদন করলে ১৭ আগস্ট আপিল বিভাগ মাহমুদুর রহমান ও হাসমত আলীর প্রতি আদালত অবমাননার রুল জারি করেন। একই সঙ্গে তাঁদের আপিল বিভাগে হাজির হতে নির্দেশ দেন। গতকাল সকাল নয়টার দিকে কারাগার থেকে মাহমুদুর রহমানকে আদালতে হাজির করা হয়। হাসমত আলীও আদালতে হাজির হন।আদালতে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে অংশ নেন। আবেদনকারীর পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, মাহমুদুর রহমানের পক্ষে আবদুর রাজ্জাক ও হাসমতের পক্ষে রফিকুল ইসলাম মিয়া মামলা পরিচালনা করেন।শুনানির শেষ পর্যায়ে অ্যাটর্নি জেনারেল বলেন, মাহমুদুর রহমানের পুরো বক্তব্য আদালত অবমাননাকর। তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তাঁর পাঁচ বছর কারাদণ্ড হওয়া উচিত।এর আগে শুনানিকালে সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে আদালত বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা আমাদের জীবনের অংশ। এটা অস্বীকার করা যাবে না। যত স্বাধীনতা বেশি, দায়িত্বও তত বেশি। ফ্রিডম অব প্রেসের সঙ্গে দায়িত্ববোধ থাকতে হবে।শুনানির শুরুতে আবেদনকারীদের পক্ষে এম কে রহমান বলেন, একটি আদালত অবমাননার মামলা বিচারাধীন থাকা অবস্থায় মাহমুদুর রহমান মন্তব্য প্রতিবেদনটি লিখেছেন। এটি সম্পূর্ণ আদালত অবমাননাকর।আবদুর রাজ্জাক বলেন, সংবিধানের ৩৯ অনুচ্ছেদে সংবাদমাধ্যমের স্বাধীনতার কথা বলা হয়েছে। সংবাদমাধ্যমের স্বাধীনতা ও কুৎসার (স্ক্যান্ডালাইজেশন) মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে।আদালত ওই নিবন্ধের অংশবিশেষ আইনজীবীকে পাঠ করতে বললে আবদুর রাজ্জাক পাঠ করেন। এ সময় আদালত বলেন, এটা কী আদালতের প্রতি শ্রদ্ধা। আপনার পত্রিকা কি আমরা সরকারের নির্দেশে ছেড়ে দিয়েছিলাম? এটা কি সংবাদপত্রের স্বাধীনতা? জবাবে রাজ্জাক বলেন, দিনের শেষে আপনারা যে আদেশ দেবেন, তাই আমরা গ্রহণ করব।একপর্যায়ে আদালত মন্তব্য করেন, যেসব বিচারক অবিচার করবেন, তাঁদের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। অবসরের পর সরকার আমাদের লাল পাসপোর্ট নিয়ে নেয়। কিন্তু শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমাদের লাল পাসপোর্ট নিয়েই হাজির হতে হবে। প্রধান বিচারপতি আইনজীবীর উদ্দেশে বলেন, আপনারা নির্দিষ্ট বিচারপতির বিরুদ্ধে অভিযোগ থাকলে নিয়ে আসেন। সব বিচারককে খারাপ বললে কীভাবে হবে? জাজদের মনে সব সময় ভয় থাকলে তাঁরা কি বিচার করতে পারবেন? ঘাড়ের ওপর বন্দুক ধরে রাখলে কীভাবে কাজ করবেন।প্রসঙ্গত, ওই নিবন্ধের আগে ২১ এপ্রিল আমার দেশ-এ ‘চেম্বার মানেই সরকারপক্ষে স্টে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ নিয়ে ওই দুজন আইনজীবীরই করা আরেকটি আদালত অবমাননার মামলায় আপিল বিভাগ ১৯ আগস্ট মাহমুদুর রহমানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।