মাহমুদুরকে গ্রেপ্তারের দাবিতে কাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিক্ষোভ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর ১০ নম্বর গোলচত্বরে জাগরণ মহাসমাবেশ শেষে নতুন কর্মসূচি দিয়েছেন আন্দোলনকারীরা। ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে তাঁরা আগামীকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ মিছিল করবেন। তাঁকে গ্রেপ্তারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি স্মারকলিপি দেওয়া হবে।সমাবেশ শেষে আজও শপথ নিয়েছে সমবেত জনতা। সেখানে সবাই দাঁড়িয়ে হাত তুলে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকারের সঙ্গে শপথবাক্য পড়েন। তাঁরা শপথ নেন যুদ্ধাপরাধীদের সব সংগঠন ও প্রতিষ্ঠান বয়কট করার। আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে মহাসমাবেশ শেষে আগামীকালের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এ সময় ইমরান এইচ সরকার বলেন, ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করতে হবে; এটাই শাহবাগের দাবি। তিনি সরকারের উদ্দেশ্যে প্রশ্ন তুলে বলেন, ‘এই নব্য রাজাকারকে ধরতে কিসের এত দ্বিধা?’ ইমরান এইচ সরকার আরও বলেন, ‘২১ দিন ধরে রাজপথে আছি। যে দাবি নিয়ে নেমেছি, তা পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না।’ এ সময় তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, ‘জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এ ব্যাপারে কোনো আপস চলবে না।’ আন্দোলনকারীদের পক্ষ থেকে আহ্বান জানিয়ে ইমরান এইচ সরকার ইসলামী ব্যাংক, ‘আমার দেশ’ ও ‘নয়া দিগন্ত’ পত্রিকা বয়কট করতে এবং প্রত্যেককে নিজের জায়গা থেকে আন্দোলনে সংহতি জানানোর আহ্বান জানান। আন্দোলনের ধরন সম্পর্কে ইমরান এইচ সরকার বলেন, ‘আমরা অহিংস আন্দোলন করছি। সহিংসতার আশ্রয় নিইনি। তার মানে এই নয় যে, আমাদের সেই শক্তি নেই।’ তিনি বলেন, শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনকারীরা একটি চেতনার বিজয় দেখতে চায়। তাই মাথা ঠান্ডা রেখে শান্তিপূর্ণ আন্দোলনকে বেগবান করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। আবার শপথ মহাসমাবেশ শেষে সবাই দাঁড়িয়ে হাত তুলে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকারের সঙ্গে শপথবাক্য পড়েন। এ সময় যে যেখানে আছেন, সেখানে থেকেই সবাইকে শপথ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়। ইমরানের সঙ্গে সঙ্গে মহাসমাবেশে উপস্থিত সবাই বলেন:* আমরা শপথ করছি যে, কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। * আমরা শপথ করছি যে, যুদ্ধাপরাধী, দেশবিরোধী সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের সন্ত্রাসী সংগঠন ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। * আমরা শপথ করছি যে, যুদ্ধাপরাধীদের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো আমরা বর্জন করব। * আমরা শপথ করছি যে, যুদ্ধাপরাধীদের গণমাধ্যম বয়কট করব।

এর আগে বেলা সাড়ে তিনটার দিকে জাতীয় সংগীতের মধ্য দিয়ে মিরপুরে মহাসমাবেশ শুরু হয়। এরপর শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন শাহবাগের গণজাগরণ মঞ্চের নেতারা। দুপুর গড়িয়ে বিকেল হতেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে দলে মানুষ আসতে শুরু করে মহাসমাবেশস্থলে। মহাসমাবেশে জড়ো হন নানা শ্রেণী-পেশার মানুষ। ছিল মিরপুরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে প্রতিবাদীরা জানিয়ে দেয় তাদের সব দাবি। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিন বিকেলে কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধী সব অপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগে অবস্থান নেন ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের সদস্যরা। এরপর সেখানে সমাজের নানা শ্রেণী-পেশার মানুষ গিয়ে যোগ দেন। এরপর সেই আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। আর বাংলাদেশের কণ্ঠস্বরে পরিণত হয় শাহবাগ। আজ সোমবার সেই আন্দোলনের ২১তম দিন। শাহবাগের বাইরে আজ গণজাগরণ মঞ্চের দ্বিতীয় মহাসমাবেশ। এর আগে গত শনিবার রায়েরবাজার বধ্যভূমিতে গণজাগরণ মঞ্চের প্রথম মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। ওই মহাসমাবেশেও মানুষের ঢল নামে। মহাসমাবেশে সবাই হাত তুলে মানবতাবিরোধী অপরাধীদের প্রতিহত করার শপথ নেয়। এর আগে জাতীয় পতাকা হাতে দলে দলে মানুষ জড়ো হয় রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে।এদিকে, আন্দোলনকারীদের ছয় দফা দাবির সমর্থনে আজও সকাল ১০টা থেকে শাহবাগে গণস্বাক্ষর সংগ্রহ চলছে।