মাহমুদুরের বিরুদ্ধে আরেক মামলা নিয়ে বিভ্রান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র কাবা শরিফের গিলাফের ছবি বিকৃত করে প্রকাশের অভিযোগে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা হয়েছে। আজ শুক্রবার তেজগাঁও থানার পুলিশ বাদী হয়ে মামলাটি করেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান। তবে তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলো ডটকমকে বলেন, থানায় মামলা হলে তাঁর জানার কথা। এ বিষয়ে কোনো মামলা হয়নি বলে তিনি দাবি করেন।তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান দাবি করেন, এ ব্যাপারে মামলা হয়নি। মামলা হলে গোপন করার কিছু নেই। মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে মাহমুদুর রহমানকে গতকাল বৃহস্পতিবার সকাল নয়টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে পত্রিকাটির কার্যালয় থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞসাবাদের জন্য তাঁকে ১৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল রাত সাড়ে ১০টার দিকে পুলিশ তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পত্রিকাটির ছাপাখানায় তল্লাশি চালানোর পর তালা লাগিয়ে দেয়। এ সময় পত্রিকা মুদ্রণে ব্যবহূত যন্ত্রপাতিরও জব্দ তালিকা তৈরি করা হয়।পুলিশ জানায়, ২০১২ সালের ১৪ ডিসেম্বর স্কাইপ কথোপকথন প্রকাশ করার ঘটনায় উচ্চ আদালতের নির্দেশে তেজগাঁও থানায় একটি মামলা করা হয়। রাষ্ট্রদ্রোহ এবং তথ্যপ্রযুক্তি আইন, ২০০৬-এর ৫৬ ও ৫৭ ধারায় মাহমুুদুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।