মাহমুদুরের মুক্তির দাবিতে সোমবার মহাসমাবেশ
দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে আগামী সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মহাসমাবেশ হবে। যৌথভাবে এ সমাবেশ করবে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ।আজ বৃহস্পতিবার দুপুরে বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের এই ঘোষণা দেন। মাহমুদুর রহমানের মুক্তি ও ‘আমার দেশ’-এর ছাপাখানা খুলে দেওয়ার দাবিতে এই সমাবেশ করা হয়।রুহুল আমীন গাজী বলেন, মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে আগামীকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ও শনিবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সমাবেশ করবে। এ ছাড়া একই দাবিতে রোববার সমাবেশ করবে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।আগামী সোমবারের মধ্যে মাহমুদুর রহমানকে মুক্তি না দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ার করেন রুহুল আমীন।বিক্ষোভ সমাবেশ চলাকালে বেলা ১১টা থেকে একটা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনের একদিকের সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সমাবেশ শেষে মিছিল বের করা হয়। মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে আবারও জাতীয় প্রেসক্লাবের সামনে শেষ হয়।সমাবেশে বক্তব্য দেন বিএফইউজের একাংশের ভারপ্রাপ্ত মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজের একাংশের সাধারণ সম্পাদক বাকের হোসাইন, কবি আবদুল হাই শিকদার, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।