মাহমুদুরের রিমান্ডের বৈধতা নিয়ে করা রিট খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে রিমান্ডে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার বেলা ১১টার দিকে এ আদেশ দেন।পরবর্তী পদক্ষেপের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিট আবেদনকারীর আইনজীবী এ জে মোহাম্মদ আলী বলেন, আদেশের কপি পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।পৃথক তিন মামলায় মাহমুদুর রহমানকে ১৩ দিনের রিমান্ডে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে গত বুধবার তাঁর স্ত্রী ফিরোজা মাহমুদ রিট আবেদনটি করেন। রিট আবেদনে মাহমুদুর রহমানকে তিন মামলায় গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না, এ মর্মে রুল চাওয়া হয়। তাঁকে বেআইনিভাবে আটক রাখা হয়নি, তা নিশ্চিতে তাঁকে হাইকোর্টে হাজির করার নির্দেশ কেন দেওয়া হবে না, এ বিষয়েও রুল চাওয়া হয়েছে। এতে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ নয়জনকে বিবাদী করা হয়।আদালতে রিটের পক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী শুনানি করেন। সঙ্গে ছিলেন আইনজীবী সালেহ উদ্দিন। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। গত ১১ এপ্রিল কারওয়ান বাজারে ‘আমার দেশ’ কার্যালয় থেকে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তেজগাঁও থানায় করা তিনটি মামলায় ১৩ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।