মাহমুদুল হাসানের শপথ কাল
আদালতের রায়ের মাধ্যমে নির্বাচিত ঘোষিত টাঙ্গাইল-৫ আসনের বিএনপির সাংসদ মাহমুদুল হাসান কাল বুধবার বেলা তিনটায় শপথ নেবেন। স্পিকার আবদুল হামিদ তাঁর কক্ষে সাংসদকে শপথবাক্য পাঠ করাবেন। আজ মঙ্গলবার সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জনানো হয়েছে। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ আসনে জাতীয় পার্টির আবুল কাশেম এক লাখ ৪৭ হাজার ১৫২ ভোট পেয়ে বিজয়ী হন। ৭২ হাজার ৮০৫ ভোট পেয়ে দ্বিতীয় হন মাহমুদুল হাসান। এরপর আবুল কাশেমকে বিল ও ঋণখেলাপি উল্লেখ করে মাহমুদুল হাসান ২০০৯ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন। এরপর হাইকোর্ট ও সুপ্রিমকোর্টের আপিল বিভাগের রায়ে আবুল কাশেমের সদস্যপদ বাতিল করে মাহমুদুল হাসানকে বিজয়ী ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়। সবশেষে রায় পুনর্বিবেচনার জন্য আবুল কাশেম রিভিউ পিটিশন দাখিল করলেও তা খারিজ হয়ে যায়।