মাহাবুব গ্রেপ্তার, হেনার মৃত্যু ‘হত্যাজনিত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেনা হত্যা মামলার প্রধান আসামি মাহাবুবকে পুলিশ গ্রেপ্তার করেছে। নড়িয়া থানার পুলিশের ছয় সদস্যের একটি দল বুধবার ভোরে সাভারের হেমায়েতপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে শরীয়তপুরের নড়িয়ায় নিয়ে যায়।ঢাকা মেডিকেল কলেজের মর্গে করা ময়নাতদন্তে হেনা আক্তারের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তবে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। হাইকোর্টের নির্দেশে করা পুনঃ ময়নাতদন্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে। গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে প্রতিবেদনটি জমা দেওয়া হয়।মাহাবুব গ্রেপ্তার: নড়িয়া থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মো. তালেবুর রহমানের নেতৃত্বে পুলিশ বুধবার ভোররাতে সাভারের হেমায়েতপুর গ্রামের রাস্তার পাশের একটি পরিত্যক্ত ঘর থেকে মাহাবুবকে গ্রেপ্তার করে। বেলা দেড়টায় তাঁকে নড়িয়া থানায় আনা হয়। থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।পুনঃ ময়নাতদন্তে শরীরে আঘাতের চিহ্ন: দোররা মারার পর মারা যাওয়া শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামসা গ্রামের কিশোরী হেনার প্রথম ময়নাতদন্তে শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না বলে প্রতিবেদন দিয়েছিল সিভিল সার্জনের নেতৃত্বে স্থানীয় চিকিৎসা দল। পত্রিকায় এ খবর প্রকাশের পর হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে লাশের পুনঃ ময়নাতদন্তের নির্দেশ দেন। পুনঃ ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, হেনার শরীরের ১৬টি স্থানে নীল ফোলা জখম পাওয়া গেছে। এসব জখমস্থলে জীবাণু সংক্রমণ হয় এবং তাতেই কিশোরী হেনার মৃত্যু হয়। তাই হেনার মৃত্যু ‘হত্যাজনিত’। হেনার বুক, বুকের আশপাশে, ঊরুর বাইরে ও অভ্যন্তরে আটটি করে ১৬টি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায় বলে প্রতিবেদনে বলা হয়। শরীরের বাইরের চেয়ে ভেতরের আঘাত গভীরতর ছিল। তবে ধর্ষণসংক্রান্ত কোনো আলামত পাওয়া যায়নি।একজন ফরেনসিক বিশেষজ্ঞ প্রথম আলোকে বলেন, মৃত্যুর এত দিন পর ধর্ষণসংক্রান্ত আলামত পাওয়ার কথা নয়। এ ব্যাপারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, নতুন ময়নাতদন্তের প্রতিবেদন দেখে আদালত বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ইয়াসমিন হত্যার ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছিল। বলেছেন, আগের প্রতিবেদনের সঙ্গে নতুন ময়নাতদন্তের প্রতিবেদনে আকাশ-পাতাল ফারাক। প্রথমটিতে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে বলা হয়েছে। দ্বিতীয়টিতে বলা হয়েছে আঘাতের চিহ্ন রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এটা অপরাধজনক নরহত্যা। আদালতে তলব: ঘটনা সম্পর্কে জানতে আদালত হেনার বাবা দরবেশ খাঁ ও বোন মিনু বেগমকে আজ সকালে হাইকোর্টে হাজির হতে বলেছেন। এ ব্যাপারে শরীয়তপুরের জেলা প্রশাসককে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। গত রাতেই তাঁরা ঢাকায় রওনা হয়েছেন বলে জানা গেছে। আগের তারিখ অনুসারে আজ সকালে নড়িয়া থানার উপপরিদর্শক মো. আসলাম উদ্দিন, চিকিৎসক সুলতান, নির্মল চন্দ্র দাস, জ্যেষ্ঠ নার্সসহ সংশ্লিষ্টদের এবং সালিস বৈঠকে নেতৃত্ব দেওয়া ইদ্রিস ফকিরেরও হাইকোর্টে হাজির হওয়ার দিন ধার্য আছে।ভেজা গামছা পেঁচিয়ে দোররা, উদ্ধার: সালিসে উপস্থিত লোকজন জানান, হেনাকে মারার জন্য একটি বড় গামছা পেঁচিয়ে দোররা বানানো হয়। সালিসদার ইয়াছিন মীর মালত আগেই তা পেঁচিয়ে তার মাথা গোল করে বেঁধে রেখেছিলেন। দোররা মারার ঘোষণা দেওয়ার পর সেই গামছা পানিতে ভিজিয়ে এক মাথায় একটি বড় গিঁট দেওয়া হয়। মাহাবুরের স্ত্রীর বড় বোন জাহানারা দোররার রায় কার্যকর করেন।সালিসে উপস্থিত হোসনে আরা প্রথম আলোকে বলেন, দেখে বোঝা গেছে, তাদের আগেই পরিকল্পনা ছিল হেনাকে দোররা মারবে। তাই ইয়াছিন মীর মালত বড় একটি গামছা নিয়ে আসেন।নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ফকির বলেন, ‘গামছা পেঁচিয়ে দোররা বানিয়ে তা দিয়ে হেনাকে আঘাত করা হয়েছে। আমরা মাহাবুবের ঘর থেকে সেই গামছা উদ্ধার করে জব্দ করেছি।’আইনশৃঙ্খলা সভায় গণমাধ্যমের সমালোচনা, শহরে মানববন্ধন: হেনা হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে শরীয়তপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে বিশেষ আইনশৃঙ্খলা সভা হয়েছে গতকাল। হেনার হত্যাকারীদের বিচারের দাবিতে শহরে মানববন্ধন ও বিক্ষোভও হয়েছে।গতকাল দুপুর ১২টা থেকে দুইটা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা চলে। শরীয়তপুরের জেলা প্রশাসক মো. সানোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার এ কে এম শহিদুর রহমান, সিভিল সার্জন গোলাম সারোয়ার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল ফজল মাস্টার, নড়িয়া পৌরসভার মেয়র হায়দার আলী, জাজিরা পৌরসভার মেয়র আ. হক কবিরাজ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নুর মোহাম্মদ কোতোয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন তোতা, প্রচার সম্পাদক নুরুজ্জামান কোতোয়াল, প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দে, সাধারণ সম্পাদক আবদুস সামাদ মাস্টার প্রমুখ। বক্তাদের মধ্যে জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতারা হেনার ঘটনা নিয়ে সাংবাদিকদের ভূমিকার সমালোচনা করেন। তাঁরা দাবি করেন, কিছু ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করায় স্থানীয় প্রশাসন ঝামেলায় পড়েছে। সাংবাদিকেরা এলাকার ভাবমূর্তি নষ্ট করছেন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সিভিল সার্জন গোলাম সারোয়ার বলেন, ‘অতিরিক্ত সংবাদ প্রকাশ করে সাংবাদিকেরা হেনার ঘটনাটি জটিল করেছেন। ময়নাতদন্তে হেনার শরীরে কোনো আঘাতের চিহ্ন না পাওয়া গেলে আমাদের কি দোষ।’তবে জেলা প্রশাসক ও পুলিশ সুপার হেনার হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তাঁরা দুজনই হেনার মৃত্যুর ঘটনাটি সাংবাদিকদের মাধ্যমে অবহিত হওয়ার কথা সভায় জানান।জেলা প্রশাসক মো. সানোয়ার হোসেন বলেন, সভায় সিদ্ধান্ত হয়, ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে তার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সতর্ক থাকতে হবে। গ্রামে নিয়মিত সভা করতে হবে। দ্রুত হেনার হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সভায় কয়েকজন বক্তা সংবাদমাধ্যমের সমালোচনা করেছেন, যা তাঁদের নিজস্ব বক্তব্য। হেনার হত্যাকারীদের বিচারের দাবিতে লাইফ লাইন মাল্টি পারপাস নামে একটি সংগঠন শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। শরীয়তপুর-ঢাকা সড়কের রাজগঞ্জ ব্রিজ এলাকায় মানববন্ধন শেষে তারা শহরে বিক্ষোভ মিছিল করে।