মাহিন্দা রাজাপক্ষে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত
শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন ফ্রিডম পার্টির প্রার্থী মাহিন্দা রাজাপক্ষে নির্বাচিত হয়েছেন। দেশটির নির্বাচন কমিশন গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে বর্তমান প্রেসিডেন্ট রাজাপক্ষকে নির্বাচিত ঘোষণা করে। তিনি আগামী পাঁচ বছর মেয়াদের জন্য প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হলেন। খবর এএফপি ও বিবিসির।তাঁর প্রধান নির্বাচনী প্রতিদ্বন্দ্বী সাবেক সেনাপ্রধান শরত্ ফনসেকা নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করে বলেছেন, তিনি এই ফলাফলকে চ্যালেঞ্জ করে আদালতে যাবেন। তাঁকে সমর্থনকারী বিরোধী দলগুলোর জোটের নেতারা এ রায়ের বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর মাহিন্দা রাজাপক্ষে গতকাল কলম্বোয় বলেন, ‘এটা জনগণের বিজয়। যাঁরা আমাকে ভোট দিয়েছেন এবং যাঁরা দেননি আমি তাঁদের সবার জন্যই কাজ করে যাব।’ মাহিন্দা রাজাপক্ষে এর আগে ২০০৫ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন এবং বর্তমানে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।